ঢাকাই সিনেমার শীর্ষ অভিনেত্রীদের একজন তমা মির্জা। একের পর এক সফল সিনেমা ও ওটিটি কনটেন্টে কাজ করে যখন ক্যারিয়ারের ব্যস্ত সময় পার করছেন, ঠিক তখনই কর্পোরেট জগতে পা রাখেন তিনি। একটি বেসরকারি ব্যাংকে যোগ দেওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা ও সমালোচনা। তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়াও।
তবে এই সমালোচনার মধ্যেই তমা মির্জার পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সমাজের পিতৃতান্ত্রিক মানসিকতার সমালোচনা করে তমার পেশাগত সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলার প্রতিবাদ জানান তিনি।
ভাবনা লেখেন, ‘তমা মির্জার জায়গায় কোনো পুরুষ অভিনেতা ব্যাংকের এই একই পদে থাকলে আমাদের কলিগরাই বড় ভাই বলে তেল দিতেন।’
তিনি আরও বলেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সমাজে পিতৃতান্ত্রিক মানসিকতার বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠছে। তাঁর ভাষায়, ‘সব দোষ মেয়েদের। মেয়েরা সুপারস্টার হবে অবশ্যই কোনো পুরুষের হাত ধরে, মেয়েরা একা কিছুই পারবে না’, এমন মানসিকতা থেকে বেরিয়ে আসা প্রয়োজন।
নারীদের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলার প্রবণতারও সমালোচনা করেন ভাবনা। তিনি বলেন, একজন নারী একই সঙ্গে অভিনয়, ব্যবসা, চাকরি, ছবি আঁকা, গান, লেখালেখি, মাতৃত্ব ও সম্পর্কসহ জীবনের বিভিন্ন ক্ষেত্রে নিজের পরিচয় তৈরি করতে পারেন। তাঁর মতে, একজন নারীর একাধিক পরিচয় ও পেশাগত ভূমিকা থাকাটা স্বাভাবিক বিষয়।
শেষে তমার প্রতি সমর্থন জানিয়ে ভাবনা বলেন, নারীরা জীবনের বিভিন্ন ক্ষেত্রে নিজেদের সক্ষমতা প্রমাণ করবেন এবং সমাজকে সেই বাস্তবতা মেনে নিতে হবে।