ফুটবলের সবুজ গালিচায় শেষবারের মতো নীল-সাদা জার্সিতে যখন দাঁড়ালেন লিওনেল মেসি, তখন বিশ্বজুড়ে যেন থমকে গিয়েছিল সময়। বিদায়ী আন্তর্জাতিক ম্যাচে বেনিনের বিপক্ষে ১ গোল ও ২ অ্যাসিস্ট করে আর্জেন্টিনাকে ৩-০ গোলের জয় উপহার দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন ফুটবলের এই মহাতারকা। মেসির এই আবেগঘন বিদায় মুহূর্তে গ্যালারি ও মাঠের সীমান্ত পেরিয়ে হৃদয় ছুঁয়েছে বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীর। আন্তর্জাতিক এই বিদায়ের রেশ ছড়িয় পড়ে বাংলাদেশের বিনোদন অঙ্গনেও; প্রিয় তারকার শেষ আন্তর্জাতিক ম্যাচ ঘিরে সামাজিক মাধ্যমে ভালোবাসায় ভেসেছেন ঢাকাই শোবিজের তারকারা।
চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা সামাজিক মাধ্যমে তাঁর অনুভূতি প্রকাশ করে লিখেছেন, ‘জীবনের সব দুঃখ এক পাশে, আর অন্য পাশে মেসিকে হয়তো শেষবারের মতো আর্জেন্টিনার জার্সি গায়ে দেখতে পাওয়ার বেদনা!।’ অন্যদিকে, চিত্রনায়িকা পরীমনি এক দীর্ঘ আবেগঘন বার্তায় এই বিদায়কে একটি যুগের অবসান হিসেবে উল্লেখ করে লিখেছেন, ‘আজকের এই ম্যাচ শুধু একটা ম্যাচ নয়… আজ একটা যুগের শেষ অধ্যায়। বিদায় নয়, লিও তুমি তো ফুটবলের ইতিহাসে থেকে যাবে। আর্জেন্টিনার জার্সি বদলাবে, প্রজন্ম বদলাবে, কিন্তু ১০ নম্বরের গল্পটা কখনো শেষ হবে না।’
কেবল তাঁরাই নন, ছোট পর্দার অভিনেতা ইরফান সাজ্জাদ ও সংগীতশিল্পী বেলাল খান-সহ অনেকেই প্রকাশ করেছেন নিজেদের নস্টালজিয়া ও শ্রদ্ধা। ইরফান সাজ্জাদ মেসিকে ‘সোনালী যুগের জাদুকর’ হিসেবে আখ্যা দেন এবং বেলাল খান স্মরণ করিয়ে দেন কিংবদন্তিরা মাঠ ছাড়লেও হৃদয় ছাড়েন না। এক যুগেরও বেশি সময় ধরে পুরো বিশ্বকে মন্ত্রমুগ্ধ করে রাখা মেসির বিদায় বার্তাটি তাই দেশের শোবিজ তারকাদের পাশাপাশি প্রতিটি ফুটবলপ্রেমী বাঙালির হৃদয়ে তৈরি করেছে গভীর এক স্মৃতিকাতরতা।