দীর্ঘ ১৪ বছর পর পরিচালক প্রিয়দর্শন ও অক্ষয় কুমার জুটির প্রত্যাবর্তন কি তবে সফল হতে চলেছে? বক্স অফিসের পরিসংখ্যান অন্তত সেই ইঙ্গিতই দিচ্ছে। ১৬ এপ্রিল বিশেষ প্রদর্শনীর পর ১৭ এপ্রিল (শুক্রবার) প্রেক্ষাগৃহে আনুষ্ঠানিকভাবে মুক্তি পেয়েছে হরর-কমেডি ‘ভূত বাংলা’। প্রথম দিনেই বিশ্বজুড়ে সিনেমাটি দর্শকদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

ট্রেড অ্যানালিস্ট ও এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ১৬ এপ্রিল বিশেষ প্রদর্শনী থেকে সিনেমাটি ৩ কোটি ৫০ লাখ রুপি আয় করেছিল। তবে শুক্রবার নিয়মিত প্রদর্শনী শুরুর পর আয়ে বড় লাফ দেখা যায়। এদিন ভারতের ১২ হাজার ৩৮৬টি শো থেকে সিনেমাটি সংগ্রহ করেছে ১২ কোটি ১৫ লাখ রুপি।

ভারতের বাজারে সিনেমাটির মোট গ্রস কালেকশন দাঁড়িয়েছে ১৮ কোটি ৯০ লাখ রুপি। অন্যদিকে বিশ্বব্যাপী বক্স অফিসে ‘ভূত বাংলা’র সংগ্রহ এখন পর্যন্ত ২৩ কোটি ৯০ লাখ রুপি (বাংলাদেশি টাকায় প্রায় ৩১ কোটি ৬৭ লাখ টাকা)।

অক্ষয় কুমারের সাম্প্রতিক ক্যারিয়ার গ্রাফ অনুযায়ী, ২০২১ সালের ‘সূর্যবংশী’র (২৬.২৯ কোটি) পর এটিই তাঁর অন্যতম বড় ওপেনিং। তবে তাঁর সাম্প্রতিক অন্যান্য কাজ যেমন- ‘জলি এলএলবি থ্রি’ (১২.৫ কোটি) এবং ‘হাউসফুল ফাইভ’ (২৪ কোটি) এর তুলনায় এই ছবির আয় নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে।

হরর-কমেডি ঘরানার অন্যান্য মেগা হিটের তুলনায় ‘ভূত বাংলা’ কিছুটা ধীরগতিতে শুরু করেছে। গত বছরের আলোচিত সিনেমা ‘স্ত্রী টু’ প্রথম দিনেই ৫১ কোটি ৮০ লাখ রুপির রেকর্ড গড়েছিল। এছাড়া ‘থাম্মা’ (২৪ কোটি) কিংবা ‘ভুল ভুলাইয়া’ ফ্র্যাঞ্চাইজির ওপেনিং কালেকশনও এই সিনেমার তুলনায় বেশি ছিল।

প্রিয়দর্শন ও অক্ষয় কুমারের রসায়ন এর আগে ‘হেরা ফেরি’, ‘ভুল ভুলাইয়া’ ও ‘খাট্টা মিঠা’র মতো কালজয়ী সিনেমা উপহার দিয়েছে। এবারের এই প্রজেক্টে অক্ষয়ের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ওয়ামিকা গাব্বি, টাবু, রাজপাল যাদব ও যীশু সেনগুপ্ত। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন অক্ষয় কুমার, শোভা কাপুর ও একতা কাপুর।

উইকেন্ডে অর্থাৎ শনিবার ও রবিবার আয়ের এই ধারা বজায় থাকলে ‘ভূত বাংলা’ চলতি বছরের অন্যতম সফল সিনেমা হওয়ার দৌড়ে এগিয়ে থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা।