অক্ষয় কুমার ও প্রিয়দর্শন জুটির কামব্যাক ফিল্ম ‘ভূত বাংলো’-র ট্রেলার মুক্তির পর থেকেই নেটদুনিয়ায় শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। পুরোনো কাস্টিং, রহস্যময় হাভেলি আর চেনা কমেডি ফ্লেভার দেখে অনেকেই দাবি করেছিলেন, এটি আসলে ২০০৭ সালের কাল্ট হিট ‘ভুল ভুলাইয়া’-র গোপন সিক্যুয়েল। তবে এই জল্পনায় জল ঢেলে স্বয়ং পরিচালক প্রিয়দর্শন জানিয়েছেন, ‘ভূত বাংলো’ একটি সম্পূর্ণ মৌলিক এবং ভিন্নধর্মী সিনেমা।
হিন্দুস্তান টাইমসকে (HT) দেওয়া এক সাক্ষাৎকারে প্রিয়দর্শন বলেন, “সবই মিথ্যা খবর। ‘ভুল ভুলাইয়া’র সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।” পরিচালক ব্যাখ্যা করেন যে, ‘ভুল ভুলাইয়া’ ছিল একটি সাইকোলজিক্যাল থ্রিলার, যেখানে মানবিক মনস্তত্ত্ব প্রাধান্য পেয়েছিল। অন্যদিকে ‘ভূত বাংলো’ হতে যাচ্ছে একটি ‘ফ্যান্টাসি’ ঘরানার ছবি। এখানে মানুষের ভূতে বিশ্বাসকে বৈজ্ঞানিক ব্যাখ্যা, বিশেষ করে কোয়ান্টাম ফিজিক্সের চেতনার স্থানান্তরের (Consciousness transfer) যুক্তিতে তুলে ধরা হয়েছে।
৬৯ বছর বয়সী এই নির্মাতা আরও জানান, এখন আর নিছক কমেডি বানাতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন না। তাঁর মতে, ১০০টির কাছাকাছি সিনেমা তৈরির পর নতুন কিছু না থাকলে কাজ করার আগ্রহ পাওয়া কঠিন। ‘ভূত বাংলো’-র স্ক্রিপ্ট তাঁকে উত্তেজিত করেছে বলেই দীর্ঘ বিরতির পর তিনি হিন্দি সিনেমায় ফিরছেন। সিনেমাটিতে অক্ষয় কুমারের পাশাপাশি রয়েছেন পরেশ রাওয়াল, তাবু, ওয়ামিকা গাব্বি এবং রাজপাল যাদবের মতো শক্তিশালী কাস্ট। আগামী ১০ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে এই বহুল প্রতীক্ষিত সিনেমাটি।