বলিউড অভিনেত্রী ভূমি পেড়নেকর মনে করেন, ঝুঁকি নেওয়ার সাহসই একজন শিল্পীর সবচেয়ে বড় শক্তি। ক্যারিয়ারের এক দশক পূর্ণ করার এইলগ্নে এসেও সেই সাহসটুকু হারাত চান না তিনি। সম্প্রতি ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের নতুন ওয়েব সিরিজ ‘দলদল’, অভিনয়জীবনের পরিবর্তন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।

অভিনয়জীবনের নতুন মোড় ক্যারিয়ারের শুরুতে ‘দম লাগা কে হ্যাঁয়সা’, ‘বালা’ বা ‘ভক্ষক’-এর মতো ছবিতে ছোট শহরের সাধারণ মধ্যবিত্ত মেয়ের চরিত্রে অভিনয় করে ভূমি পরিচিতি পেলেও ‘দলদল’ সিরিজে তাঁকে দেখা যাবে সম্পূর্ণ ভিন্ন এক অবতারে। এখানে তিনি মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের সর্বকনিষ্ঠ প্রধান কর্মকর্তা- যে চরিত্রটি ক্ষমতা, মানসিক চাপ ও নৈতিক দ্বন্দ্বে জর্জরিত। ভূমি বলেন, “রীতা এমন একজন মানুষ, যে অমীমাংসিত ট্রমা ও নৈতিক দ্বন্দ্ব নিয়ে নীরবতার মধ্যে বাস করে। এই সিরিজের অন্ধকার ও অস্বস্তিকর জগতটাই আমাকে এই প্রকল্পের প্রতি টেনেছে।”

বদল নয়, বিবর্তন ভূমি তাঁর এই দীর্ঘ যাত্রাকে ‘বদল’ না বলে ‘বিবর্তন’ বলতেই বেশি পছন্দ করেন। তিনি জানান, এখন কাজ বেছে নেওয়ার ক্ষেত্রে তিনি অনেক বেশি সচেতন। একঘেয়ে বা আরামদায়ক চরিত্রের বদলে এখন তিনি এমন চরিত্র খুঁজছেন যা তাঁকে চ্যালেঞ্জ করবে এবং কিছুটা ‘ভয়’ দেখাবে। তাঁর ভাষায়, “শুরুতে ছোট শহরের সাধারণ মেয়ের চরিত্রে পরিচিতি পেলেও এখন আমি এমন নারীর গল্প বলতে চাই, যারা সামাজিক কাঠামোর ভেতরে নিজেদের জায়গা তৈরি করতে লড়াই করছে।”

গণ্ডি ভাঙার ইচ্ছা ভূমি বিশ্বাস করেন, ‘অর্থবহ সিনেমা’ করতে গিয়েও অনেক সময় নির্দিষ্ট গণ্ডি তৈরি হয়ে যায়। তাই তিনি বড় বাজেটের বাণিজ্যিক সিনেমা এবং গভীর সংবেদনশীল গল্প, উভয় ধারাতেই কাজ করতে আগ্রহী। তবে সবক্ষেত্রেই ‘সত্যনিষ্ঠ গল্প’ বেছে নেওয়ার সাহসটাই তাঁর কাছে সবচেয়ে মূল্যবান। ঝুঁকি নেওয়ার এই ক্ষমতা নিয়েই আগামীর পথে এগিয়ে যেতে চান এই প্রতিভাবান অভিনেত্রী।