ভারতের জনপ্রিয় কমেডিয়ান ও সঞ্চালক ভারতী সিং এবং তার স্বামী হর্ষ লিম্বাচিয়াকে ঘিরে সম্প্রতি শুরু হয়েছে বিচ্ছেদের গুঞ্জন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, দাম্পত্য অশান্তির কারণে নাকি আলাদা থাকছেন এই তারকা দম্পতি। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে বিষয়টি নিয়ে সরাসরি কথা বলেছেন ভারতী।

বাস্তব জীবন থেকে শুরু করে টেলিভিশনের পর্দা সব জায়গাতেই ভারতী ও হর্ষের জুটি দর্শকদের কাছে বেশ জনপ্রিয়। একসঙ্গে একাধিক রিয়্যালিটি শো সঞ্চালনা করে তারা পেয়েছেন ব্যাপক পরিচিতি ও ভালোবাসা। হর্ষও বিভিন্ন সময়ে প্রকাশ্যে ভারতীর প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়েছেন।

সম্প্রতি অভিনেত্রী নেহা ধুপিয়ার একটি টক-শোতে হাজির হয়ে হর্ষ জানান, তিনি স্ত্রী ও সন্তানদের থেকে আলাদা একটি বাড়ি ভাড়া নিয়ে থাকছেন। তার এই মন্তব্যের পরই সামাজিক মাধ্যমে শুরু হয় নানা আলোচনা। অনেকেই ধরে নেন, তাদের সম্পর্কে হয়তো দূরত্ব তৈরি হয়েছে।

তবে হর্ষ বিষয়টি ব্যাখ্যা করে জানান, সংসারে ছোট সন্তানদের চঞ্চলতা ও সারাক্ষণের কোলাহল থেকেই কিছুটা নিরিবিলি সময় পাওয়ার জন্য তিনি আলাদা একটি বাসা ভাড়া নিয়েছেন। এর সঙ্গে দাম্পত্য সমস্যার কোনো সম্পর্ক নেই বলেও ইঙ্গিত দেন তিনি।

শোতে সঞ্চালক নেহা ধুপিয়া হর্ষের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেও, অভিনেতা অঙ্গদ বেদি মজার ছলে তার পক্ষ নেন।

এদিকে বিচ্ছেদের গুঞ্জনকে একেবারেই ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ভারতী সিং। স্পষ্ট ভাষায় তিনি বলেন, “নিশ্চিন্তে থাকুন, আমাদের কোনো বিচ্ছেদ হচ্ছে না। যেদিন মৃত্যু হবে, সেদিনই কেবল আমরা আলাদা হব।”

ভারতীর এই মন্তব্যের পর ভক্তদের একাংশ স্বস্তি প্রকাশ করেছেন। তাদের মতে, দীর্ঘদিনের এই জনপ্রিয় জুটি এখনও আগের মতোই একসঙ্গে আছেন এবং গুঞ্জনের কোনো বাস্তব ভিত্তি নেই।