ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই সক্রিয়। কাজের আপডেটের পাশাপাশি নিয়মিতই ভক্তদের সঙ্গে ভাগ করে নেন নিজের দৈনন্দিন মুহূর্তের ছবি। আজ রোববার দুপুরেও নিজের ফেসবুক পেজে কয়েকটি নতুন স্থিরচিত্র পোস্ট করেছেন তিনি, যা অল্প সময়েই ভক্তদের দৃষ্টি কেড়েছে।

অভিনয়ের পাশাপাশি পণ্য প্রচারণাতেও এখন বেশ ব্যস্ত মিম। সম্প্রতি চিত্রনায়িকা শবনম বুবলীর সঙ্গে একটি অনুষ্ঠানে তাঁকে দেখা গেছে। সেদিন সাদা রঙের কস্টিউমে উপস্থিত হয়ে আলাদা করে নজর কাড়েন তিনি। সেই অনুষ্ঠানের সাদা পোশাকের একগুচ্ছ ছবি আজ ফেসবুকে শেয়ার করেছেন মিম। ক্যাপশনে লিখেছেন, “চোখে কোমলতা, ভেতরে আগুন।”

পোস্ট করার এক ঘণ্টার মধ্যেই ছবিগুলোতে প্রায় দুই হাজার রিঅ্যাকশন পড়ে। মন্তব্য এসেছে শতাধিক, আর শেয়ার হয়েছে ১৯ বার। ভক্তদের মন্তব্যেও প্রশংসার ছড়াছড়ি। কেউ লিখেছেন, “মাঝে মাঝে মনে হয় এই মেয়েটা ভুল করে বাংলাদেশে জন্ম নিয়েছে।” আবার কেউ বলেছেন, “খুবই মায়াবী”, কেউ বা মন্তব্য করেছেন, “এক কথায় দারুণ ছবি।”

কাজের দিক থেকেও সময়টা বেশ ব্যস্ত মিমের। সম্প্রতি তিনি ‘মালিক’ নামের একটি সিনেমার শুটিং শেষ করেছেন। সাইফ চন্দন পরিচালিত এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন আরিফিন শুভ। কয়েক বছর পর আবারও শুভ–মিম জুটিকে একসঙ্গে দেখা যাবে এই সিনেমায়, যা আগামী পবিত্র ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্যে তৈরি হচ্ছে। পরিচালক সূত্রে জানা গেছে, গত শনিবার থেকে ছবিটির শেষ লটের শুটিং শুরু হয়েছে। আজ রোববার ঢাকার অদূরে একটি শুটিংবাড়িতে কাজ করছেন মিম। একটি গান ছাড়া ছবিটির পুরো শুটিং আজ শেষ হওয়ার কথা।

এর পাশাপাশি নতুন আরেকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ‘জীবন অপেরা’ নামের এই ছবিটি পরিচালনা করবেন আলভী আহমেদ। এতে মিমের সঙ্গে আবারও জুটি বাঁধছেন শরিফুল রাজ। ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমায় একসঙ্গে অভিনয়ের পর দীর্ঘদিন এই জুটিকে আর দেখা যায়নি। ‘জীবন অপেরা’ দিয়ে সেই বিরতি ভাঙতে যাচ্ছে।

এ ছাড়া প্রথমবারের মতো ওটিটি প্ল্যাটফর্ম চরকির একটি অরিজিনাল ফিল্মেও অভিনয়ের চুক্তি করেছেন মিম। জানা গেছে, এবার তিনি গ্ল্যামারের চেনা ছক ভেঙে ভিন্নধর্মী একটি চরিত্রে দর্শকদের সামনে আসবেন।