ঈদে মুক্তিপ্রাপ্ত আলোচিত সিনেমা বনলতা এক্সপ্রেস দর্শক-সমালোচকদের প্রশংসায় ভাসলেও এতে অভিনয় করেননি নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াত। অথচ এই সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি নিজেই।

সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে বিষয়টি খোলাসা করেন বিপাশা। তিনি জানান, নির্মাতা তানিম নূর ব্যক্তিগতভাবে তাকে সিনেমার একটি চরিত্রের জন্য ফোন করেছিলেন। তবে প্রস্তাব পেলেও শেষ পর্যন্ত কাজটি করতে রাজি হননি এই অভিনেত্রী।

বিপাশার ভাষ্য, তিনি সবসময় এমন কাজ বেছে নিতে চান যেখানে নিজেকে সম্পূর্ণভাবে উজাড় করে দিতে পারেন। “আমি এমন কাজ করতে চাই, যেখানে শারীরিক ও মানসিক দুই দিক থেকেই পরিশ্রমের সুযোগ থাকবে। আমার মনে হয়েছে, ‘বনলতা এক্সপ্রেস’এ সেই জায়গাটা আমার জন্য যথেষ্ট ছিল না,” বলেন তিনি।

কাজে ফেরার বিষয়ে নিজের মানদণ্ড ব্যাখ্যা করে তিনি আরও জানান, বিশেষ ধরনের চরিত্রের অপেক্ষায় আছেন তিনি যেখানে অভিনয়ের গভীরতা ও চ্যালেঞ্জ দুটোই থাকবে।

এদিকে তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ দেশের প্রেক্ষাগৃহে সাফল্যের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও জায়গা করে নিয়েছে। গত ৩ এপ্রিল থেকে উত্তর আমেরিকা ও ইউরোপের বিভিন্ন প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শিত হচ্ছে।

সিনেমাটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, শ্যামল মাওলা, জাকিয়া বারী মম এবং আজমেরী হক বাঁধনসহ আরও অনেক তারকা। সংশ্লিষ্টদের আশা, ব্যবসায়িক সাফল্যের দিক থেকে সিনেমাটি নির্মাতার আগের কাজ উৎসব এর রেকর্ডও ছাড়িয়ে যেতে পারে।