বিতর্কিত গানকে ঘিরে অবশেষে নারী কমিশনের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। কেডি: দ্য ডেভিল ছবির হিন্দি গান ‘সরকে চুনর তেরি সরকে’ এর কথা ও দৃশ্যায়ন নিয়ে আপত্তি ওঠার পর সোমবার (২৭ এপ্রিল) কমিশনের সামনে হাজির হন তিনি।
গানটিতে অশালীন শব্দ ব্যবহারের অভিযোগে সঞ্জয় দত্তসহ সংশ্লিষ্টদের তলব করা হয়েছিল। শুনানিতে হাজির হয়ে তিনি একটি লিখিত ক্ষমাপত্র জমা দেন। সেখানে তিনি উল্লেখ করেন, কাউকে আঘাত করা বা সমাজে নেতিবাচক প্রভাব ফেলার কোনো ইচ্ছা তার ছিল না।
তবে শুধু ক্ষমা চেয়েই থেমে থাকেননি এই অভিনেতা। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ৫০ জন আদিবাসী শিশুকন্যার শিক্ষার সম্পূর্ণ ব্যয়ভার বহনের ঘোষণা দিয়েছেন তিনি। একই সঙ্গে ভবিষ্যতে নারী ও শিশুদের মর্যাদা রক্ষায় আরও সচেতন থাকার প্রতিশ্রুতিও দিয়েছেন।
এদিকে, একই মামলায় অভিযুক্ত নোরা ফতেহি সেদিন উপস্থিত থাকতে পারেননি। দেশের বাইরে অবস্থান করায় তিনি নতুন শুনানির তারিখ চেয়েছেন।
এর আগে, গত ৭ এপ্রিল মামলার প্রথম শুনানিতে পরিচালক প্রেম, গীতিকার রাকিব আলম এবং প্রযোজনা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রথমে তারা গানের নেতিবাচক দিকটি উপলব্ধি করতে না পারার কথা বললেও, পরে লিখিতভাবে ক্ষমা চেয়ে স্বীকার করেন যে গানটি সমাজে বিরূপ প্রভাব ফেলতে পারে।