বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননকে ঘিরে আবারও শুরু হয়েছে প্রেম ও বিয়ের জোর জল্পনা। বিশেষ করে যুক্তরাজ্যভিত্তিক উদ্যোক্তা কবীর বাহিয়ার সঙ্গে তাঁর সম্পর্কের খবর এখন বি-টাউনের হট টপিক। সম্প্রতি কৃতির ছোট বোন নূপুর শ্যাননের বিয়ের অনুষ্ঠানে কবীরের সরব উপস্থিতি এবং সামাজিক মাধ্যমে তাঁদের ঘনিষ্ঠ ছবি এই গুঞ্জনকে আরও উসকে দিয়েছে। তবে নিজের বিয়ে নিয়ে এবার বেশ কড়া ভাষায় জবাব দিলেন ‘মিমি’ খ্যাত এই অভিনেত্রী।

বিয়ের প্রশ্ন উঠতেই খানিকটা বিরক্তি ও হাস্যরসের মিশেলে কৃতি পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, “আপনারা কি সেই খালাম্মা-চাচিদের মতো হয়ে গেছেন, যাঁরা সারাক্ষণ শুধু জানতে চান কবে বিয়ে করব? জীবনে বিয়ের বাইরেও আরও অনেক কিছু করার আছে।” তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে, বিয়ে তিনি অবশ্যই করবেন, তবে সেটি কোনো সামাজিক চাপে বা তাড়াহুড়ো করে নয়। নিজের সঠিক সময়ে এবং নিজের ইচ্ছাতেই জীবনের এই বড় সিদ্ধান্তটি নিতে চান তিনি।

ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা চললেও পেশাগতভাবে কৃতি এখন ক্যারিয়ারের সুবর্ণ সময় পার করছেন। সম্প্রতি ‘পিঙ্কভিলা স্ক্রিন অ্যান্ড স্টাইল আইকনস অ্যাওয়ার্ডস ২০২৬’-এ সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন তিনি। সামনেই মুক্তি পেতে যাচ্ছে তাঁর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ককটেল ২’, যেখানে শহীদ কাপুর ও রাশমিকা মান্দানার সঙ্গে তাঁকে দেখা যাবে। কৃতি বুঝিয়ে দিলেন, আপাতত বিয়ের পিঁড়িতে বসার চেয়ে রুপালি পর্দায় নিজেকে নতুন করে চেনাতেই বেশি মনোযোগী তিনি।