ফরাসি ধনকুবের ব্যবসায়ী ফ্রেদেরিক আর্নল্টের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই এবার নতুন প্রেমে জড়ানোর আলোচনায় এলেন বিশ্বখ্যাত কে-পপ ব্যান্ড ব্ল্যাকপিংকের থাই তারকা লিসা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনা অনুযায়ী, থাই তরুণ অভিনেতা ও মডেল ব্লু পংতিওয়াতের সঙ্গে নতুন করে সম্পর্কের গুঞ্জন তুঙ্গে উঠেছে এই পপ তারকার।
নেটিজেনদের দাবি, সম্প্রতি থাইল্যান্ডের পাশাপাশি হংকং ও জাপানের বিভিন্ন স্থানে লিসা ও পংতিওয়াতকে একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে। এমনকি থাইল্যান্ডে লিসার পরিবারের সদস্যদের সঙ্গেও সময় কাটিয়েছেন এই অভিনেতা। তবে ভক্তদের একটি বড় অংশ এই সম্পর্কের দাবিকে শুধুই রটনা বলে মনে করছেন। তাঁদের মতে, লিসা ও পংতিওয়াত বহু বছর ধরেই ভীষণ ভালো বন্ধু। গত এপ্রিলে লিসার জন্মদিনে একসঙ্গে তোলা ছবি পোস্ট করে পংতিওয়াত শুভেচ্ছা জানানোর পর থেকেই তাঁদের বন্ধুত্বের বিষয়টি সামনে আসে, যা এখন প্রেমের গুঞ্জনে রূপ নিয়েছে।
২০০০ সালে জন্ম নেওয়া পংতিওয়াত লিসার চেয়ে বয়সে তিন বছরের ছোট। অভিনয়ের পাশাপাশি তিনি গান ও মডেলিংয়ের জন্য থাইল্যান্ডে দারুণ জনপ্রিয়। জনপ্রিয় নেটফ্লিক্স সিরিজ ‘রেডি, সেট, লাভ’-এ অভিনয় করে আন্তর্জাতিক পরিমণ্ডলেও খ্যাতি পান তিনি; এমনকি দক্ষিণ কোরিয়ায় তাঁকে জনপ্রিয় তারকা ‘চা উন-উ’-এর সঙ্গে তুলনা করে ‘থাইল্যান্ডের চা উন-উ’ নামে ডাকা হয়।
এর আগে বিশ্বের শীর্ষ ধনী বার্নার্ড আর্নল্টের ছেলে ফ্রেদেরিক আর্নল্টের সঙ্গে ২০২৩ সাল থেকে লিসার প্রেমের খবর চর্চায় ছিল। বিভিন্ন প্রজেক্ট ও ছুটির দিনে তাঁদের প্রায়ই একসঙ্গে দেখা গেলেও আনুষ্ঠানিকভাবে সম্পর্কের কথা কখনো স্বীকার করেননি লিসা। সম্প্রতি ফ্রেদেরিকের সঙ্গে বিচ্ছেদের খবরের সত্যতাও নিশ্চিত করা হয়নি, তবে পংতিওয়াতের আগমন লিসার ব্যক্তিগত জীবনকে ঘিরে কৌতূহল বহুগুণ বাড়িয়ে দিয়েছে।