বাংলাদেশের কিংবদন্তি চিত্রনায়িকা ববিতার জন্মদিন উপলক্ষে একটি বিশেষ টেলিভিশন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশের চলচ্চিত্রাঙ্গনের অনেক তারকাই তাঁকে শুভেচ্ছা জানান। তবে সবচেয়ে আলোচনায় আসে যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি যুক্ত হওয়া ঢাকাই চলচ্চিত্রের মেগাস্টার শাকিব খানের সঙ্গে ববিতার আন্তরিক কথোপকথন। সেই আড্ডায় ববিতাকে আবারও বড় পর্দায় ফেরার অনুরোধ জানান শাকিব। জবাবে কাজ করার আশ্বাস দিলেও একটি গুরুত্বপূর্ণ শর্তের কথা জানিয়ে দেন এই কিংবদন্তি অভিনেত্রী।
বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শাকিব খান। সেখান থেকেই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রথমেই ববিতাকে জন্মদিনের শুভেচ্ছা জানান তিনি। এরপর দীর্ঘদিন ধরে চলচ্চিত্র থেকে দূরে থাকা এই গুণী অভিনেত্রীকে আবারও অভিনয়ে ফেরার আহ্বান জানান।
শাকিব খান বলেন, ‘আপনি প্লিজ সিনেমা করবেন। এটা আমার হাম্বল রিকোয়েস্ট আপনার প্রতি। আপনার সঙ্গে আমি আরও কাজ করতে চাই।’ তাঁর এমন আন্তরিক অনুরোধে আবেগাপ্লুত হন ববিতা।
জবাবে ববিতা জানান, শুধুমাত্র অভিনয়ের জন্য অভিনয় করতে তিনি রাজি নন। দীর্ঘদিন ধরে চলচ্চিত্র থেকে দূরে থাকার কারণও ব্যাখ্যা করেন তিনি। তাঁর ভাষায়, মনের মতো গল্প, শক্তিশালী চিত্রনাট্য এবং অভিনয়ের চ্যালেঞ্জিং সুযোগ না থাকায় তিনি নতুন কোনো সিনেমায় কাজ করছেন না।
তবে শাকিব খানের অনুরোধের জবাবে তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘আমাকে সেরকম গল্প নিয়ে আসো, তোমার আর আমার যেন সেরকম কিছু করণীয় থাকে, চ্যালেঞ্জিং রোল থাকে। তাহলে আমি করব। কথা দিলাম তোমায়, তোমার সঙ্গে ছবি করব।’
ববিতার এই বক্তব্যে স্পষ্ট, ভালো গল্প ও শক্তিশালী চরিত্র পেলে আবারও বড় পর্দায় ফিরতে আপত্তি নেই তাঁর। বিশেষ করে শাকিব খানের সঙ্গে নতুন কোনো চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ের আগ্রহও প্রকাশ করেছেন তিনি।
অনুষ্ঠানে শাকিব খানের কাজের প্রতি নিষ্ঠা, পেশাদারিত্ব এবং সাম্প্রতিক চলচ্চিত্রগুলোরও প্রশংসা করেন ববিতা। তিনি বলেন, নতুন প্রজন্মের মধ্যে শাকিব নিজের অবস্থান ধরে রেখেছেন পরিশ্রম ও একাগ্রতার মাধ্যমে, যা সত্যিই প্রশংসার দাবি রাখে।
উল্লেখ্য, ঢাকাই চলচ্চিত্রে ববিতা ও শাকিব খান একসঙ্গে একাধিক জনপ্রিয় ও ব্যবসাসফল সিনেমায় অভিনয় করেছেন। তাঁদের অভিনীত ‘মা আমার স্বর্গ’, ‘খোদার পরে মা’ এবং ‘মায়ের জিহাদ’ ছবিগুলো দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। দীর্ঘদিন পর আবারও এই দুই তারকাকে একসঙ্গে বড় পর্দায় দেখার সম্ভাবনার ইঙ্গিত মিলতেই বিষয়টি নিয়ে ভক্তদের মধ্যেও নতুন করে উৎসাহ তৈরি হয়েছে।