ঢালিউডের দুই মহাতারকা চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম। এক যুগেরও বেশি সময় পর বড় পর্দায় তাঁদের একসঙ্গে দেখার প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। গত বৃহস্পতিবার রাতে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ করা হলো ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার ট্রেলার। হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন তানিম নূর। ট্রেলারে ট্রেনের কামরায় শিক্ষামন্ত্রী আবুল খায়ের খান (চঞ্চল) ও খামখেয়ালি পর্যটক রশীদ উদ্দিনের (মোশাররফ করিম) কথার লড়াই দর্শকদের মাঝে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে।

ট্রেলারের একটি বিশেষ দৃশ্যে শিক্ষামন্ত্রী চঞ্চলকে প্রশ্ন ছুড়ে দেন বাঁধন। সেখানে তিনি বলেন, “তাই বলে কবিতা লেখার জন্য তোমার মন্ত্রিত্ব চলে যাবে?” ট্রেলার প্রদর্শনী অনুষ্ঠানে মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরীর দীর্ঘ দুই দশকের বন্ধুত্বের রসায়ন আবারও ধরা পড়েছে। একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে মোশাররফ করিম মাইক্রোফোন হাতে বলেন, “আমরা দুজন অনেক আগে থেকে একসঙ্গে কাজ করছি। একসঙ্গে অনেক নাটক করেছি। একসঙ্গে সিনেমাটা করতে পেরে আমরা আনন্দিত। সিকোয়েন্সগুলো খুব এনজয় করেছি।”

চঞ্চল চৌধুরী তাঁর উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “আমার মধ্যে একধরনের এক্সাইটমেন্ট কাজ করছিল। তানিম নূরকে ধন্যবাদ জানাই।” নির্মাতা তানিম নূর ট্রেনের বিশেষ প্রেক্ষাপট ও গল্পের কারণে এই উপন্যাসটি বেছে নিয়েছেন বলে জানান। অনুষ্ঠানে শরীফুল রাজ আবেগের সঙ্গে বলেন, “আমি হুমায়ূন স্যারের ভক্ত। স্যার বেঁচে থাকলে খুব খুশি হতেন।” আগামী ঈদুল ফিতরে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তির পর ৩ এপ্রিল থেকে আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে ‘বনলতা এক্সপ্রেস’।