‘ম্যায় বাপাস আউঙ্গা’ ও ‘ভারত ভাগ্য বিধাতা’ এই দুই ছবির মধ্যে বক্স অফিসে এখন জোর টক্কর চলছে। অন্যদিকে ‘গভর্নর’ ছবিটিকে পেছনে ফেলে আয়ের দিক থেকে এগিয়ে রয়েছে দক্ষিণি সিনেমা ‘পেড্ডি’। তবে এই সবকিছুর মাঝে সপ্তাহান্তে সবচেয়ে বড় চমক দিয়েছে বিক্রম ভাটের ভৌতিক বা হরর ছবি ‘হন্টেড থ্রি-ডি’।
রোববার ছুটির দিনের সুবিধা নিয়ে বলিউডের ছবিগুলোর পাশাপাশি হরর ঘরানার এই সিনেমাটির আয়ও বেশ ভালো লক্ষ্য করা গেছে। নিচে সপ্তাহান্তে কোন ছবি কত আয় করল, তার বিস্তারিত দেওয়া হলো:
‘ম্যায় বাপাস আউঙ্গা’
দিলজিৎ দোসাঞ্জ অভিনীত ‘ম্যায় বাপাস আউঙ্গা’ ছবিটি মুক্তির প্রথম তিন দিন পূর্ণ করেছে। ইমতিয়াজ আলী পরিচালিত এই রোমান্টিক চলচ্চিত্রে দিলজিতের সাথে আরও অভিনয় করেছেন নাসিরুদ্দিন শাহ, বেদাঙ্গ রায়না ও শর্বরী বাগ। রোববার সপ্তাহান্তের ছুটির দিনে ছবিটি বক্স অফিসে ২ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে। এর আগে শনিবার ছবিটির আয় ছিল ১ কোটি ৮৫ লাখ রুপি। সব মিলিয়ে তিন দিনে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ৫ কোটি ৫০ লাখ রুপি। তবে সিনেমাটির বাজেট প্রায় ৭০ কোটি রুপি হওয়ায়, বক্স অফিসে লগ্নিকৃত টাকা তুলতে ছবিটির সামনে এখনো বড় চ্যালেঞ্জ রয়েছে।
‘ভারত ভাগ্য বিধাতা’
২৬/১১ মুম্বাইয়ে ঘটে যাওয়া সন্ত্রাসবাদী হামলার সত্য প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ‘ভারত ভাগ্য বিধাতা’। কঙ্গনা রনৌত অভিনীত এই ছবিটি গত ১২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির শুরুতে বক্স অফিসে ছবিটির গতি কিছুটা ধীর থাকলেও রোববারের ছুটিতে এর আয়ে সামান্য বৃদ্ধি দেখা গেছে। রোববার ছবিটি ১ কোটি ৮০ লাখ রুপি আয় করে, যেখানে শনিবার এর আয় ছিল ১ কোটি ৪৫ লাখ রুপি। তিন দিন শেষে কঙ্গনার এই ছবির মোট আয় দাঁড়িয়েছে ৪ কোটি ২৫ লাখ রুপি। উল্লেখ্য, এই সিনেমাটির বাজেট প্রায় ১৫ কোটি রুপি।