ব্রাজিলের সাও পাওলোতে বিটিএসের কনসার্টে পারফর্ম করার সময় পোশাক বিভ্রাটে পড়েছেন ব্যান্ডটির সদস্য জাংকুক। মঞ্চে গান ও নাচের মাঝেই ছিঁড়ে যায় তাঁর চামড়ার প্যান্ট। তবে এমন পরিস্থিতিতেও বিচলিত হননি এই গায়ক। বরং বিষয়টি সহকর্মী আরএম ও কিম তেহ্যুংকে (ভি) দেখিয়ে হাসি-ঠাট্টায় মেতে ওঠেন। মুহূর্তটির ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা।
পোশাকের বিপত্তি সত্ত্বেও পারফরম্যান্স থামাননি জাংকুক। স্বাভাবিকভাবেই গান ও নাচ চালিয়ে গেছেন তিনি। তাঁর এমন স্বাভাবিক প্রতিক্রিয়া ও পেশাদারত্বের প্রশংসা করেছেন অনেক ভক্ত। কেউ কেউ আবার ঘটনাটি নিয়ে মজার মিম ও মন্তব্যও করছেন।
তবে মঞ্চে পোশাক ছিঁড়ে যাওয়ার অভিজ্ঞতা জাংকুকের এবারই প্রথম নয়। ২০১৯ সালে সিউলে ‘লাভ ইয়োরসেলফ: স্পিক ইয়োরসেলফ–দ্য ফাইনাল’ কনসার্টে ‘মাইক ড্রপ’ গানে পারফর্ম করার সময়ও তাঁর প্যান্ট ছিঁড়ে গিয়েছিল। এ ছাড়া ২০১৮ সালে ‘ফেক লাভ’ গানের পরিবেশনায় কোরিওগ্রাফির সময় আরএমের কারণে তাঁর শার্টের বোতাম খুলে যাওয়ার ঘটনাও আলোচনায় এসেছিল।