অভিনেত্রী সেলিনা জেটলীর দাম্পত্য জীবনে টানাপড়েন চলছে। স্বামী পিটার হাগের সঙ্গে বিবাহবিচ্ছেদের আইনি লড়াইয়ের মধ্যেই সন্তানদের থেকেও দূরে রয়েছেন তিনি। সম্প্রতি তিন ছেলে উইনস্টন, বিরাজ ও আর্থারের উদ্দেশে সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন অভিনেত্রী।

ছেলেদের সঙ্গে বেশ কিছু ছবি শেয়ার করে সেলিনা লিখেছেন, ‘এখানেই কথাগুলো লিখছি। কারণ আমার ছেলেদের কাছে পৌঁছাতে পারছি না। ওদের নতুন ক্লাস শুরু হলো। একটা আলিঙ্গন, একটা চুমু আর তোমাদের মুখে ‘স্কুলে যাচ্ছি মা’ শুনতে পাব না। একসময় তোমাদের স্কুলের বইয়ের মলাট আমি নিজে লাগিয়ে দিতাম। আজ তোমাদের জন্য প্রার্থনা করছি মাত্র।’

সন্তানদের স্কুলের প্রথম দিনের শুভেচ্ছা জানিয়ে তিনি পুরোনো স্মৃতিও তুলে ধরেন। অস্ট্রিয়ায় স্কুল খোলার আগে ছেলেদের জন্য পাউরুটি ও নানা পদ রান্না করা এবং একসঙ্গে বইয়ে মলাট লাগানোর মুহূর্তগুলোর কথা স্মরণ করেন সেলিনা।

সন্তানদের গুরুত্বপূর্ণ সময়গুলো দূর থেকে দেখতে হওয়ায় আক্ষেপ প্রকাশ করে অভিনেত্রী লেখেন, ‘এ বার তোমাদের ক্লাসের প্রথম দিনে আমি থাকতে পারব না। ২০২৬ সালের বাকি দিনগুলোতেও থাকতে পারব না। আমার মন ভেঙে গিয়েছে। বড়দের মধ্যে যাই ঘটুক না কেন, আমি চাই তোমরা বাবা ও মা দু’জনের ভালবাসাই পাও।’

ছেলেদের উদ্দেশে সেলিনা আরও লেখেন, ‘তোমাদের কখনও মা অথবা বাবার মধ্যে কাউকে বেছে নিতে হবে না। তোমরা মা ও বাবা দু’জনকেই ভালবাসতে পারো। মা সব সময় সেটাকে সমর্থন করবে। আমাকে সব সময়ে পাশে পাবে। আমার ভালবাসায় কোনও শর্ত নেই। কোনও দূরত্বই সেই ভালবাসা বদলাতে পারবে না।’

১৫ বছরের দাম্পত্যের পর পিটার হাগের সঙ্গে বিচ্ছেদের আইনি লড়াই চলছে সেলিনার। মুম্বইয়ের একটি আদালতে স্বামীর বিরুদ্ধে পারিবারিক হিংসার আইনে মামলা করেছেন তিনি। সন্তানদের পাশাপাশি সম্পত্তি নিয়েও দু’জনের বিরোধ রয়েছে। সেলিনার অভিযোগ, তাকে সন্তানদের সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হয়নি।