বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি বর্তমানে জীবনের এক চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন। একদিকে স্বামীর বিরুদ্ধে আনা নির্যাতনের অভিযোগ ও বিচ্ছেদের আইনি লড়াই, অন্যদিকে ২০২৪ সাল থেকে সংযুক্ত আরব আমিরাতে বন্দি তাঁর ভাই। যিনি ভারতীয় সেনাবাহিনীর একজন কর্মকর্তা। এই দ্বিমুখী চাপে তাঁর মানসিক স্বাস্থ্যের অবনতি হলেও, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ঝলমলে কিছু ছবি শেয়ার করে সেলিনা জানালেন তাঁর ঘুরে দাঁড়ানোর গল্প।
নিজেকে সারিয়ে তোলার লড়াই দীর্ঘদিন আড়ালে থাকার পর সেলিনা অকপটে স্বীকার করেছেন, এই পথটা মোটেও সহজ ছিল না। এমন অনেক রাত গেছে যখন তিনি নিভৃতে কেঁদেছেন, কিংবা লড়াই ছেড়ে পালিয়ে যাওয়ার কথা ভেবেছেন। কিন্তু সেই শূন্যতা থেকেই তিনি খুঁজে পেয়েছেন নতুন শক্তি। সেলিনা জানান, দুনিয়ার পেছনে না ছুটে নিজের কাছে ফিরে আসাই তাঁকে মানসিকভাবে শান্ত ও আত্মবিশ্বাসী করে তুলেছে।
সমালোচকদের কড়া জবাব ইনস্টাগ্রামে নিজের হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করে সেলিনা একটি দীর্ঘ ও আবেগঘন বার্তা দিয়েছেন। তিনি লিখেছেন, “যদি আমাকে সুখে থাকতে, প্রিয় খাবার খেতে বা সুন্দর পোশাক পরে হাসতে দেখেন, তবে আমাকে আমার মতো থাকতে দিন। যে রাতগুলো আমি একা কেঁদেছি বা যখন নিজেকে পুরোপুরি শূন্য মনে হয়েছে, তখন আপনারা পাশে ছিলেন না। আমি একাই টিকে থাকতে শিখেছি।” তাঁর মতে, এই হাসি কোনো সহজ প্রাপ্তি নয়, বরং অনেক যন্ত্রণা সয়ে তিনি এই মানসিক শান্তি অর্জন করেছেন।
রুপালি পর্দা থেকে দীর্ঘ বিরতি মিস ইন্ডিয়া ইউনিভার্স জয়ী এই অভিনেত্রীকে সর্বশেষ ২০১১ সালে ‘থ্যাঙ্ক ইউ’ ছবিতে নায়িকার চরিত্রে দেখা গিয়েছিল। গত ১৪ বছর ধরে রুপালি পর্দা থেকে দূরে থাকলেও ব্যক্তিগত জীবনের এই ঝড় সামলে তিনি যেভাবে নিজেকে নতুন করে গড়ে তুলছেন, তা অনেকের কাছেই অনুপ্রেরণার। সেলিনা এখন বিশ্বাস করেন, নিজেকে সারিয়ে তোলার জন্য নিজের সঙ্গই সবচেয়ে বেশি প্রয়োজন।