পবিত্র ঈদুল আজহা মানেই ছোটপর্দায় বিনোদন আর বিশেষ অনুষ্ঠানের জমজমাট মেলা। নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান আর রিয়েলিটি শোর চেনা গণ্ডি পেরিয়ে এবারের ঈদের আনন্দ বহুগুণ বাড়িয়ে দিতে দর্শকদের জন্য এক অনন্য ও মেগা আয়োজন নিয়ে আসছে চ্যানেল আই। টানা সাত দিন, প্রতিদিন সকাল ১০টা ১৫ মিনিটে চ্যানেলটির পর্দায় প্রচারিত হবে সাতটি নতুন বাংলা সিনেমার ‘ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার’। এবারের এই বিশেষ উৎসবের মূল আকর্ষণ হলো, সাত দিনের সাতটি সিনেমায় কেন্দ্রীয় নারী চরিত্রে থাকছেন দেশের প্রথম সারির সাত জনপ্রিয় চিত্রনায়িকা। গল্প, চরিত্র আর অভিনয়ের ভিন্নতায় তাঁরা ঈদের প্রতিটা সকালকে দর্শকদের কাছে মোহনীয় করে তুলবেন।
ঈদের দিন: ‘নীল চক্র’ (মন্দিরা চক্রবর্তী)
সিনেমা উৎসবের রাজকীয় সূচনা হচ্ছে ঈদের দিন সকালে। প্রথম দিনই প্রচারিত হবে মিঠু খান পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘নীল চক্র’। এই ছবিতে হ্যান্ডসাম হাঙ্ক আরিফিন শুভর সঙ্গে জুটি বেঁধেছেন হালের ক্রেজ মন্দিরা চক্রবর্তী। একটি রহস্যঘন ও থ্রিলারধর্মী গল্পে মন্দিরার এই নতুন অবতার দর্শকদের জন্য বড় সারপ্রাইজ হতে যাচ্ছে।
দ্বিতীয় দিন: ‘প্রিন্স’ (তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডু)
ঈদের দ্বিতীয় দিনের বিশেষ আকর্ষণ আবু হায়াত মাহমুদ পরিচালিত বাণিজ্যিক ঘরানার সিনেমা ‘প্রিন্স’। এই মেগা প্রজেক্টে মেগাস্টার শাকিব খানের বিপরীতে ডাবল ধামাকা নিয়ে হাজির হচ্ছেন দুই বাংলার দুই জনপ্রিয় অভিনেত্রী, বাংলাদেশের তাসনিয়া ফারিণ এবং কলকাতার জ্যোতির্ময়ী কুণ্ডু। দুই ভিন্ন ধারার নায়িকার উপস্থিতি সিনেমার গল্পে এক নতুন মাত্রা যোগ করবে।
তৃতীয় দিন: ‘সাবা’ (মেহজাবীন চৌধুরী)
তৃতীয় দিনে থাকছে নারীকেন্দ্রিক ও গল্পপ্রধান সিনেমা ‘সাবা’। মাকসুদ হোসেন পরিচালিত এই আন্তর্জাতিক মানের সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ওটিটি ও ছোটপর্দার কুইন মেহজাবীন চৌধুরী। ছবিতে মেহজাবীনের সঙ্গে আরও স্ক্রিন শেয়ার করেছেন রোকেয়া প্রাচী, মোস্তফা মন্ওয়ার ও সুমন পাটোয়ারী। সিনেমাটি ইতিমধ্যেই চলচ্চিত্র বোদ্ধাদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
চতুর্থ দিন: ‘টগর’ (পূজা চেরী)
ঈদের চতুর্থ দিনে টিভি পর্দায় আসছে আলোক হাসান পরিচালিত ‘টগর’। প্রেক্ষাগৃহে কাঙ্ক্ষিত সাফল্য না পেলেও গ্রামীণ আবহের এই আবেগঘন গল্পটি ড্রয়িংরুমের দর্শকদের মন কাড়বে বলে বিশ্বাস নির্মাতাদের। এতে চিত্রনায়িকা পূজা চেরীর সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা আদর আজাদ। পূজার ভিন্নধর্মী ডি-গ্ল্যাম লুক এই ছবির অন্যতম শক্তি।
পঞ্চম দিন: ‘জয়া আর শারমিন’ (জয়া আহসান)
পঞ্চম দিনের সিনেমা ‘জয়া আর শারমিন’। প্রখ্যাত নির্মাতা পিপলু আর খান পরিচালিত এই মনস্তাত্ত্বিক ছবিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন দুই শক্তিমান অভিনেত্রী জয়া আহসান ও মহসিনা আক্তার। দুই ভিন্ন নারীর জীবনের জটিল সমীকরণ ও লড়াই নিয়ে নির্মিত এই ছবিটি উৎসবের আমেজে দর্শকদের সম্পূর্ণ ভিন্ন ও ক্ল্যাসিক স্বাদের বিনোদন দেবে।
ষষ্ঠ দিন: ‘বাড়ির নাম শাহানা’ (আনান সিদ্দিক)
ঈদের ষষ্ঠ দিনে প্রচার হবে লিসা গাজীর আন্তর্জাতিক প্রশংসিত সিনেমা ‘বাড়ির নাম শাহানা’। পারিবারিক সম্পর্ক, নারীর আত্মমর্যাদা আর আবেগের গল্প ঘিরে নির্মিত এই ছবিতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিক। ছবিতে আরও আছেন ইরেশ যাকের, লুৎফর রহমান জর্জ ও জয়ন্ত চট্টোপাধ্যায়।
সপ্তম দিন: ‘শরতের জবা’ (কুসুম শিকদার)
উৎসবের সমাপনী বা সপ্তম দিনে থাকছে রোমান্টিক থ্রিলার ‘শরতের জবা’। এই ছবির বিশেষত্ব হলো, এর মাধ্যমে দীর্ঘ বিরতি ভেঙে পরিচালক এবং অভিনেত্রী, দুই পরিচয়েই পর্দায় কামব্যাক করছেন কুসুম শিকদার। ছবিতে তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন এই প্রজন্মের হার্টথ্রব অভিনেতা ইয়াশ রোহান।
সব মিলিয়ে ভিন্ন ভিন্ন পরিচালক, বৈচিত্র্যময় কাস্টিং আর জাঁকজমকপূর্ণ গল্পের মিশেলে চ্যানেল আইয়ের এই ‘সাত নায়িকার সাত গল্প’ এবারের ঈদে দেশের চলচ্চিত্রপ্রেমীদের জন্য এক সেরা উপহার হতে যাচ্ছে।