কুৎসিত ভিজ্যুয়াল, নিম্নমানের ৩ডি অ্যানিমেশন আর বিদঘূটে সব চরিত্র নিয়ে তৈরি একটি সিনেমা যদি বক্স অফিসে ঝড় তোলে, তবে অবাক হওয়াই স্বাভাবিক! চীনে ঠিক এমন একটি অদ্ভুত ঘটনাই ঘটেছে। মুক্তি পাওয়ার পর জঘন্য ও বিশ্রী তকমা পাওয়া অ্যানিমেটেড সিনেমা ‘নিউ লাই’ (Niu Lai) ঘিরে দর্শকদের মাঝে তৈরি হয়েছে চরম উন্মাদনা। সমালোচকদের নেতিবাচক মন্তব্য ও ট্রোলিংই সিনেমাটিকে অভাবনীয় সাফল্যের পথ দেখিয়ে দিয়েছে।
একটি ছোট্ট বাছুরের বড় হয়ে ওঠার গল্প নিয়ে তৈরি এই সিনেমাটি প্রথম ১০ দিনে বক্স অফিসে মাত্র ১০ হাজার ইউয়ান (প্রায় ১,৪৮০ ডলার) আয় করেছিল। এমনকি কোনো কোনো দিন এটি মাত্র ২০০ ইউয়ানের টিকিট বিক্রি করতে পেরেছিল। কিন্তু অনলাইন সমালোচনা ছড়িয়ে পড়ার পরপরই ঘটে অলৌকিক কাণ্ড! মাত্র কয়েক দিনের ব্যবধানে সিনেমাটির আয় লাফিয়ে দাঁড়িয়েছে ১৭.১ মিলিয়ন ইউয়ানে (প্রায় ২.৫ মিলিয়ন ডলার)।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, শিন ইউমেং নামের এক তরুণ ও তাঁর মা সুন লিফান মিলে দীর্ঘ ৫ বছর চেষ্টা চালিয়ে পুরো সিনেমাটি নির্মাণ করেছেন। সিনেমাটির পোস্টারে কোনো রঙ ব্যবহার না করে হাতে আঁকা বাছুরের ছবির সঙ্গে লেখা রয়েছে "অদ্ভুত কিছু পছন্দ হলে চলে আসুন" এবং "টিকিট ফেরত দেওয়া যাবে না"।
সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা সিনেমাটিকে "চোখ কপালে তোলার মতো জঘন্য" ও "ইন্টারনেট ট্রোল সংস্কৃতির প্রতীক" বলে আখ্যা দিয়েছেন। মজার বিষয় হলো, বন্ধুকালচারের অংশ হিসেবে চীনের তরুণরা এখন পরিচিতদের বোকা বানাতে এই সিনেমা দেখার পরামর্শ দিচ্ছেন। বন্ধুদের জঘন্য সিনেমা দেখিয়ে মজা নেওয়ার এই প্রবণতাই ছবিটিকে বানিয়ে দিয়েছে চীনের বিনোদন অঙ্গনের নতুন সেনসেশন!