হলিউডের জনপ্রিয় অভিনেতা ও কৌতুকশিল্পী জিম ক্যারি আবারও বিয়ে করেছেন। ৬৪ বছর বয়সে দীর্ঘদিনের প্রেমিকা মিন আহকে বিয়ে করেছেন তিনি। গত কয়েক বছর নিজেদের সম্পর্ক অনেকটাই আড়ালে রাখায় বিয়ের খবর প্রকাশ্যে আসার পর ভক্তদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল।

জিম ক্যারির মুখপাত্র গত ৩০ সেপ্টেম্বর মার্কিন সাময়িকী ‘পিপল’-কে তাঁদের বিয়ের খবর নিশ্চিত করেছেন। তবে কবে, কোথায় বা কীভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

মিন আহর সঙ্গে জিম ক্যারির সম্পর্কের খবর ঘনিষ্ঠমহলে আগে থেকেই জানা ছিল। তবে প্রকাশ্যে খুব কমই একসঙ্গে দেখা গেছে তাঁদের। চলতি বছরের ফেব্রুয়ারিতে ফ্রান্সে অনুষ্ঠিত সিজার অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে দেখা যায়। বিয়ের খবর প্রকাশের প্রায় সাত মাস আগে সেটিই ছিল তাঁদের অন্যতম আলোচিত প্রকাশ্য উপস্থিতি।

সেই অনুষ্ঠানেই মিন আহকে নিয়ে প্রকাশ্যে নিজের অনুভূতির কথা জানান জিম ক্যারি। পুরো বক্তব্য তিনি দেন ফরাসি ভাষায়। নিজের পরিবার, মেয়ে জেন ও নাতি জ্যাকসনের প্রতি ভালোবাসা প্রকাশের পর মিন আহকে নিজের ‘অসাধারণ সঙ্গী’ হিসেবে উল্লেখ করেন তিনি। একপর্যায়ে প্রেমিকাকে উদ্দেশ করে বলেন, ‘আমি তোমাকে ভালোবাসি।’ তাঁর এই বক্তব্যের সময় মেয়ে, নাতি ও মিন আহকে ঘিরে দর্শকদের করতালিও শোনা যায়।

জিম ক্যারি ও মিন আহ ঠিক কবে থেকে সম্পর্কে রয়েছেন, তা তাঁরা কখনো প্রকাশ্যে জানাননি। তবে ২০২২ সালের ফেব্রুয়ারিতে লস অ্যাঞ্জেলেসে একটি দাতব্য কৌতুক অনুষ্ঠানে অংশ নেওয়ার পর দুজনকে একসঙ্গে দেখা যায়। এরপর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়। তবে ব্যক্তিজীবন নিয়ে বরাবরই অনেকটা নীরব থেকেছেন জিম।

অভিনয় থেকে দূরে থাকার ইচ্ছার কথাও জানিয়েছিলেন তিনি। ২০২২ সালে ‘সনিক দ্য হেজহগ ২’-এর প্রচারে গিয়ে জিম ক্যারি বলেছিলেন, শান্ত জীবন তিনি উপভোগ করছেন। ছবি আঁকা, পরিবারের সঙ্গে সময় কাটানো এবং আধ্যাত্মিক জীবন নিয়েই ব্যস্ত থাকতে ভালো লাগে তাঁর। তবে অসাধারণ কোনো চিত্রনাট্য হাতে এলে আবারও অভিনয়ে ফিরতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছিলেন।

এর আগে জিম ক্যারি ১৯৮৭ সালে মেলিসা ওমারকে বিয়ে করেন। তাঁদের একমাত্র সন্তান জেন ক্যারি। প্রায় আট বছর সংসারের পর ১৯৯৫ সালে তাঁদের বিচ্ছেদ হয়। পরের বছর, ১৯৯৬ সালে ‘ডাম্ব অ্যান্ড ডাম্বার’-এর সহশিল্পী লরেন হলিকে বিয়ে করেন জিম। সেই সংসারও টেকেনি, ১৯৯৭ সালেই তাঁদের বিবাহবিচ্ছেদ হয়।

পরে ‘কিডিং’ সিরিজের সহশিল্পী জিঞ্জার গনজাগার সঙ্গে সম্পর্কে জড়ান জিম। ২০১৯ সালের গোল্ডেন গ্লোবস অনুষ্ঠানে প্রথমবার তাঁদের একসঙ্গে লালগালিচায় দেখা যায়। তবে সেই সম্পর্কও এক বছরের মধ্যে ভেঙে যায় বলে সে সময় মার্কিন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। এরপর ব্যক্তিজীবন নিয়ে অনেকটাই নীরব ছিলেন অভিনেতা।

এদিকে ব্যক্তিজীবনে নতুন অধ্যায়ের পাশাপাশি পেশাগত জীবনেও ব্যস্ততা ফিরছে জিম ক্যারির। ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি গত আগস্টে জানিয়েছে, জনপ্রিয় অ্যানিমেটেড সিরিজ ‘দ্য জেটসনস’-এর লাইভ-অ্যাকশন চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করবেন তিনি। দীর্ঘদিন ধরে পরিকল্পনায় থাকা এই সিনেমাটি ‘সনিক দ্য হেজহগ’ সিরিজের বাইরে এক দশকের বেশি সময় পর তাঁর প্রথম বড় স্টুডিও লাইভ-অ্যাকশন প্রকল্প হতে যাচ্ছে।

এছাড়া ‘সনিক দ্য হেজহগ ৪’-এ ড. রোবটনিক চরিত্রে ফেরার কথা রয়েছে জিম ক্যারির। সিনেমাটি ২০২৭ সালে মুক্তির পরিকল্পনায় রয়েছে। পাশাপাশি ২০০০ সালের জনপ্রিয় ছবি ‘হাউ দ্য গ্রিঞ্চ স্টোল ক্রিসমাস’-এর সম্ভাব্য সিক্যুয়েল নিয়েও আলোচনা চলছে। সেই সিনেমায় আইকনিক গ্রিঞ্চ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।