বাংলাদেশের ওটিটি অঙ্গনের অন্যতম বড় আয়োজন ‘চরকি কার্নিভ্যাল’-এর পর্দা উঠছে আজ। দিনব্যাপী এই আয়োজনে থাকছে অভিনয়ের মাস্টারক্লাস, বাংলা সিনেমা ও ওটিটির ভবিষ্যৎ নিয়ে প্যানেল আলোচনা এবং সন্ধ্যায় দ্বিতীয় চরকি অ্যাওয়ার্ডস। পাশাপাশি প্রয়াত অভিনেত্রী, লেখক ও নির্মাতা কারিনা কায়সারকে বিশেষ সম্মাননা দেওয়া হবে।

চরকি কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল ১০টা ৩০ মিনিটে অভিনয়ের মাস্টারক্লাসের মাধ্যমে শুরু হবে দিনের কর্মসূচি। প্রায় দুই ঘণ্টার এই সেশনে ৩৪ জন অংশগ্রহণকারীকে প্রশিক্ষণ দেবেন তারিক আনাম খান।

বেলা ৩টায় অনুষ্ঠিত হবে ‘দ্য রাইজ, রিয়েলিটিজ অ্যান্ড রিনোভেশন অব বাংলা সিনেমা’ শীর্ষক প্যানেল আলোচনা। এতে বাংলা সিনেমা, ওটিটি, শর্ট-ফর্ম কনটেন্ট, নতুন প্রজন্মের দর্শক, ভার্টিক্যাল স্টোরিটেলিং এবং ক্রিয়েটর ইকোনমি নিয়ে আলোচনা করবেন নির্মাতা মেজবাউর রহমান সুমন, আদনান আল রাজীব ও নুহাশ হুমায়ূন। সঞ্চালনায় থাকবেন সাদিয়া খালিদ রীতি। এ আয়োজনে বিভিন্ন পেশার ৫১ জন অংশগ্রহণ করছেন, যাদের নিবন্ধনের মাধ্যমে নির্বাচন করা হয়েছে।

সন্ধ্যা ৬টায় শুরু হবে রেড কার্পেট এবং সন্ধ্যা ৭টায় বসবে দ্বিতীয় চরকি অ্যাওয়ার্ডসের আসর। ২০২৩ ও ২০২৪ সালের জন্য সাবস্ক্রাইবারস চয়েস (দর্শক ভোট) এবং সমালোচক বিভাগে মোট ২৩টি করে ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে।

সাবস্ক্রাইবারস চয়েস (২০২৪) বিভাগে সেরা চলচ্চিত্রের মনোনয়ন পেয়েছে ‘কাছের মানুষ দূরে থুইয়া’, ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামি’, ‘তুফান’ এবং ‘৩৬–২৪–৩৬’। সেরা সিরিজ বিভাগে রয়েছে ‘সিনপাট’, ‘কালপুরুষ’, ‘আধুনিক বাংলা হোটেল’ এবং ‘২ষ’।

সমালোচক বিভাগের (২০২৪) সেরা অভিনেতা ও অভিনেত্রীর মনোনয়নে রয়েছেন চঞ্চল চৌধুরী, প্রীতম হাসান, তারিক আনাম খান, ইয়াশ রোহান, জয়া আহসান, মেহজাবীন চৌধুরী, তাসনিয়া ফারিণ, আফজাল হোসেন, এফ এস নাঈম, মোহাম্মদ রিফাত বিন মানিক, মোশাররফ করিম, কাজী নওশাবা আহমেদ, সুমাইয়া শিমু, তানজিকা আমিন ও জিন্নাত আরা।

অন্যদিকে ২০২৩ সালের সমালোচক বিভাগে (ফিল্ম) মনোনয়ন পেয়েছেন আফরান নিশো, আরিফিন শুভ, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, সিয়াম আহমেদ, আফসান আরা বিন্দু, নুসরাত ইমরোজ তিশা, রুনা খান ও তমা মির্জা। একই বছরের সিরিজ বিভাগে মনোনীত হয়েছেন নাসির উদ্দিন খান, শাহরিয়ার নাজিম জয়, সৌম্য জ্যোতি, ইয়াশ রোহান, আজমেরী হক বাঁধন, রাফিয়াত রশিদ মিথিলা, সাবিলা নূর ও সামিরা খান মাহি।

এবারের চরকি অ্যাওয়ার্ডসে প্রয়াত অভিনেত্রী, লেখক ও নির্মাতা কারিনা কায়সারকে বিশেষ সম্মাননা দেওয়া হবে। চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি জানান, ‘৩৬-২৪-৩৬’ চলচ্চিত্রের জন্য সাবস্ক্রাইবারস চয়েস ও ক্রিটিকস চয়েস, উভয় বিভাগেই মনোনয়ন পেয়েছিলেন কারিনা কায়সার।

‘সেনসেশন চরকি কার্নিভ্যাল পাওয়ার্ড বাই ইন্টারকন্টিনেন্টাল ঢাকা’ শীর্ষক এবারের আয়োজনে সামাজিক সচেতনতার বার্তাও যুক্ত করা হয়েছে। আয়োজকদের ভাষ্য, নতুন প্রজন্মের মধ্যে নিরাপদ জীবনযাপন, দায়িত্বশীলতা ও সুরক্ষা বিষয়ে ইতিবাচক সচেতনতা গড়ে তোলাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন রাকিন আবসার ও রাফসান সাবাব। উদ্বোধনী পরিবেশনা হিসেবে থাকবে ‘নবরস’ শিরোনামের নৃত্য, যার কোরিওগ্রাফি করেছেন মুবাশশীরা কামাল ইরা। পাশাপাশি দর্শকদের জন্য থাকবে বিটমসফিয়ারের অ্যাকাপেলা ও বিটবক্সিং পরিবেশনা।

আয়োজন প্রসঙ্গে রেদওয়ান রনি বলেন, ‘এবার আমরা চরকি কার্নিভ্যালকে শুধু অ্যাওয়ার্ডসের মধ্যে সীমাবদ্ধ রাখিনি। তরুণদের জন্য অভিনয়ের মাস্টারক্লাস এবং ইন্ডাস্ট্রির জন্য প্যানেল আলোচনা যুক্ত করেছি। দুই আয়োজনেই অংশগ্রহণকারীদের যে সাড়া পেয়েছি, তা আমাদের অনুপ্রাণিত করেছে।’