আলোচিত চলচ্চিত্র কন্ট্রাক্ট ম্যারেজ-এর সেন্সর সনদ বাতিল করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন কর্তৃপক্ষ। একজন অভিনেত্রীর লিখিত অভিযোগের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)।
বুধবার (১৩ মে) বিষয়টি নিশ্চিত করেন বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি। তিনি জানান, অভিনেত্রী জেবা জান্নাত এর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে সিনেমাটির সেন্সর সনদ বাতিল করা হয়েছে।
তার ভাষ্য অনুযায়ী, শুরুতে প্রজেক্টটি নিয়ে কোনো অভিযোগ না থাকায় ছাড়পত্র দেওয়া হয়েছিল। পরে জেবা জান্নাত অভিযোগ করেন, তাকে নাটকের কথা বলে কাজ করানো হলেও পরবর্তীতে সেটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে মুক্তির প্রস্তুতি নেওয়া হয়। একই সঙ্গে চলচ্চিত্র হিসেবে তার সঙ্গে কোনো আনুষ্ঠানিক চুক্তিও করা হয়নি বলে দাবি করেন তিনি। এরপরই কর্তৃপক্ষ সিনেমাটির মুক্তির অনুমতি স্থগিতের সিদ্ধান্ত নেয়।
এদিকে সেন্সর সনদ বাতিলের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সিনেমাটির নির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীর। সংবাদমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আমি এখনও অফিসিয়াল কোনো কাগজ পাইনি। যদি এমন সিদ্ধান্ত হয়ে থাকে, তাহলে আমি আইনিভাবে মোকাবিলা করব। এই সিনেমায় ইতোমধ্যেই তিন কোটির বেশি টাকা খরচ হয়েছে। মুক্তির একদিন আগে যদি এভাবে বাধা দেওয়া হয়, তাহলে আমি প্রধানমন্ত্রীর কাছেও যাব।”
অন্যদিকে সিনেমাটির অন্যতম অভিনয়শিল্পী মৌসুমীও বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক অডিও বার্তায় তিনি জানান, যুক্তরাষ্ট্রে একটি মেয়ের সংগ্রামের গল্প নিয়ে ছোট পরিসরের নাটক নির্মাণের কথা ছিল। পরে নির্মাতার অনুরোধে সেটি টেলিফিল্ম হিসেবে করতে রাজি হন। তবে সম্প্রতি এটি সিনেমা হিসেবে মুক্তির খবর শুনে তিনি বিস্মিত হয়েছেন বলে জানান।
অভিনেত্রী জেবা জান্নাতও দাবি করেছেন, শুটিং চলাকালে বিভিন্ন জটিলতার মুখে পড়ে পরে জানতে পারেন কাজটি সিনেমা হিসেবে মুক্তির পরিকল্পনা চলছে। এরপর থেকেই তিনি এ বিষয়ে আপত্তি জানিয়ে আসছিলেন।
কন্ট্রাক্ট ম্যারেজ এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী, হাসান জাহাঙ্গীর ও জেবা জান্নাত।