৯৯তম একাডেমি অ্যাওয়ার্ডসে আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘রইদ’। রোববার ঢাকার হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অস্কার বাংলাদেশ কমিটির পক্ষ থেকে সিনেমাটিকে দেশের নির্বাচিত ছবি হিসেবে ঘোষণা করা হয়।
এবার অস্কারে বাংলাদেশের হয়ে প্রতিদ্বন্দ্বিতার জন্য মোট পাঁচটি সিনেমা জমা পড়েছিল। এগুলো হলো নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, রেদওয়ান রনির ‘দম’, মোহাম্মদ তাওকীর ইসলামের ‘দেলুপি’ এবং মনিরুল আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। প্রাথমিক বাছাইয়ের পর চারটি সিনেমা বিবেচনায় নেওয়া হয়। সেখান থেকে চূড়ান্তভাবে বাংলাদেশের প্রতিনিধিত্বের জন্য নির্বাচিত হয়েছে ‘রইদ’।
অস্কারে বাংলাদেশের হয়ে যাওয়ার সুযোগ পেয়ে আনন্দ প্রকাশ করেছেন নির্মাতা মেজবাউর রহমান সুমন। তিনি বলেন, ‘রইদ’ শুধু একটি সিনেমা নয়, এটি বাংলাদেশের পাশাপাশি এই অঞ্চলের গল্প ও সংস্কৃতির সঙ্গে যুক্ত। সিনেমাটির মাধ্যমে একাডেমিক ও নান্দনিক অভিজ্ঞতা দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশের সিনেমার অস্কারযাত্রা নিয়ে সুমন আরও বলেন, একসময় অস্কারে বাংলাদেশ থেকে পাঠানোর মতো সিনেমার সংখ্যা ও মান নিয়ে সীমাবদ্ধতা ছিল। তবে কয়েক বছর ধরে ভালো মানের সিনেমা দেশের হয়ে অস্কারে প্রতিনিধিত্ব করছে। তার মতে, এটি বাংলাদেশের চলচ্চিত্রের জন্য আশাব্যঞ্জক এবং ভবিষ্যতে এর সুফল পাওয়া যেতে পারে।
‘রইদ’ মূলত সাধু ও তাঁর স্ত্রী পাগলির সম্পর্ককে কেন্দ্র করে নির্মিত একটি মানবিক গল্প। প্রেম ও নীরবতার মধ্য দিয়ে মানবজীবনের গভীর অনুভূতি এবং আদিম প্রেমের আখ্যান তুলে ধরা হয়েছে সিনেমাটিতে। সিদ্দিক আহমেদ, মেজবাউর রহমান সুমন, জাহিদ ফারুক ও শুকর্ণ শাহেদ ধীমানের চিত্রনাট্যে নির্মিত ছবিটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি।
অস্কারে ‘রইদ’ নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়া জানিয়েছেন নাজিফা তুষিও। অভিনেত্রীর মতে, আন্তর্জাতিক এই যাত্রা বাংলাদেশের সিনেমার সামনে নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। তবে এখন চূড়ান্ত মনোনয়ন তালিকায় জায়গা করে নেওয়ার অপেক্ষা।
অস্কার বাংলাদেশ কমিটির সাত সদস্যের মূল্যায়ন ও আলোচনার ভিত্তিতে ‘রইদ’ নির্বাচন করা হয়েছে। কমিটির চেয়ারপারসন জহিরুল ইসলাম। সদস্য হিসেবে রয়েছেন সাজ্জাদ শরিফ, শাহীন দিল-রিয়াজ, রাশেদ জামান, অপি করিম, সাইয়্যিদ শাহজাদা আল কারীম ও শাহরীন আক্তার সুমি।