অভিনেত্রী জেবা জান্নাত–এর লিখিত অভিযোগের পর শেষ পর্যন্ত বাতিল করা হয়েছে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার সেন্সর সার্টিফিকেট। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) এই সিদ্ধান্তে আপাতত বন্ধ হয়ে গেল সিনেমাটির মুক্তির পথ।

বিএফডিসি সূত্রে জানা গেছে, শুরুতে কোনো আপত্তি ছাড়াই সিনেমাটিকে সেন্সর ছাড়পত্র দেওয়া হয়েছিল। তবে পরে জেবা জান্নাত কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করলে বিষয়টি নতুন মোড় নেয়।

অভিনেত্রীর অভিযোগ, কাজ করার সময় তাকে জানানো হয়েছিল এটি একটি নাটক বা টেলিফিল্মের প্রজেক্ট। কিন্তু পরে তাকে না জানিয়েই সেটিকে পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে মুক্তির উদ্যোগ নেওয়া হয়, যা চুক্তির শর্তের পরিপন্থী।

এদিকে একই প্রজেক্টের আরেক শিল্পী মৌসুমীও সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। তাঁর দাবি, প্রজেক্টটি মূলত নাটক বা টেলিফিল্ম হিসেবেই শুরু হয়েছিল। পরে সেটিকে বড় পর্দার সিনেমায় রূপ দেওয়ার চেষ্টা করা হয়, যা অনাকাঙ্ক্ষিত।

হাসান জাহাঙ্গীর পরিচালিত ও অভিনীত এই প্রজেক্টে আরও অভিনয় করেছেন জেবা জান্নাত ও মৌসুমী। বর্তমান বিতর্ক এবং সেন্সর বাতিলের ঘটনায় ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ এর মুক্তি ও ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে পড়েছে।