দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক এবার পেল আনুষ্ঠানিক পরিণতি। আর্জেন্টিনার বুয়েনস এইরেসে জন্ম নেওয়া প্রেমিকা ও জীবনসঙ্গিনী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করেছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এর মধ্য দিয়ে পর্তুগালের এই কিংবদন্তি ফুটবলার আর্জেন্টাইনদের কাছে যেন হয়ে গেলেন ‘দুলাভাই’।
পর্তুগালের রাজধানী লিসবন থেকে প্রায় ২০ মাইল পশ্চিমে উপকূলীয় রিসোর্ট শহর কাসকাইসে এক ঘরোয়া সিভিল অনুষ্ঠানের মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন রোনালদো ও জর্জিনা। ইনস্টাগ্রামে বিয়ের আংটির ছবি প্রকাশ করে ভক্তদের সুখবরটি জানান ৪১ বছর বয়সী আল নাসর ফরোয়ার্ড। ঘনিষ্ঠ এই আয়োজনে উপস্থিত ছিল তাদের পাঁচ সন্তানও। আল নাসরের নতুন ২০২৬-২৭ মৌসুমের খেলা শুরুর মাত্র চার দিন আগে বিয়ের পিঁড়িতে বসেন রোনালদো।
৩২ বছর বয়সী জর্জিনা রদ্রিগেজের জন্ম বুয়েনস এইরেসে। ২০১৬ সালে মাদ্রিদের একটি গুচি শোরুমে বিক্রয়কর্মী হিসেবে কাজ করার সময় রোনালদোর সঙ্গে তার পরিচয় হয়। জর্জিনার ভাষ্য অনুযায়ী, সেটি ছিল ‘প্রথম দেখাতেই প্রেম’। পরের বছর, ২০১৭ সালের মে মাসে ইনস্টাগ্রামে ছবি প্রকাশের মাধ্যমে জর্জিনার সঙ্গে নিজের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন রোনালদো।
রোনালদো ও জর্জিনার পরিবারে বর্তমানে পাঁচ সন্তান রয়েছে। তারা হলেন ক্রিস্টিয়ানো জুনিয়র, সারোগেসির মাধ্যমে জন্ম নেওয়া যমজ ইভা মারিয়া ও মাতেও, অ্যালানা মার্টিনা এবং বেলা। ২০২২ সালে জর্জিনা যমজ সন্তান বেলা ও অ্যাঞ্জেলের জন্ম দেন। তবে জন্মের পরপরই অ্যাঞ্জেল মারা যায়।
সম্প্রতি নিজের ষষ্ঠ ও শেষ বিশ্বকাপ খেলেছেন রোনালদো। পুরুষদের বিশ্বকাপে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ডে আর্জেন্টিনার লিওনেল মেসির সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন তিনি। তবে বিশ্বকাপ অভিযান শেষ হলেও পর্তুগাল জাতীয় দলের হয়ে ক্যারিয়ার নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান না এই তারকা।
রোনালদো বলেছেন, বিশ্বকাপ থেকে এভাবে বিদায় নেওয়া তার জন্য কষ্টের। তিনি নিজের সর্বস্ব দিয়েছেন বলেও জানান। তবে এটিই তার শেষ বিশ্বকাপ হলেও জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে পরিবারের সঙ্গে সময় নিয়ে সিদ্ধান্ত নিতে চান তিনি। ২৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে পর্তুগালের হয়ে তিনটি শিরোপা জেতার কথাও স্মরণ করেন রোনালদো। তার মতে, ২০১৬ সালের ইউরো জয় তার কাছে বিশ্বকাপ জয়ের মতোই গুরুত্বপূর্ণ।
ক্যারিয়ারে প্রায় এক হাজার গোলের মাইলফলকের কাছাকাছি থাকা রোনালদো বর্তমানে নটিংহ্যাম ফরেস্টের সাবেক কোচ অ্যাঞ্জ পোস্টেকোগলুর অধীনে আল নাসরের নতুন মৌসুমের প্রস্তুতিতে ব্যস্ত। ২০২৮ ইউরোর সময় তার বয়স হবে ৪৩ বছর।