দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান সামাজিক মাধ্যমে বেশ সরব। কাজের ব্যস্ততার পাশাপাশি জীবনের নানা বিশেষ মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে ভালোবাসেন তিনি। সম্প্রতি নিজের ফেসসবুক পেজে গোলাপী রঙের স্নিগ্ধ পোশাকে কিছু ছবি শেয়ার করে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।
প্রকাশিত ছবিতে দেখা যায়, টেবিলের সামনে বসে ফুরফুরে মেজাজে মিষ্টি হাসি ছড়িয়ে দিচ্ছেন জয়া। ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আ স্মাইল আই ডিডন্ট প্ল্যান’ অর্থাৎ কোনো পূর্বপরিকল্পনা ছাড়াই নিজের অজান্তে ঠোঁটের কোণে ভেসে ওঠা এই মিষ্টি হাসির মুহূর্তগুলো তিনি ফ্রেমবন্দী করেছেন। নেটিজেনদের চোখ আটকে গেছে তাঁর চিরসবুজ ও গ্ল্যামারাস লুকে। ভক্তদের একাংশের মন্তব্য, বয়স যেন তাঁর কাছে একেবারেই সংখ্যামাত্র; চল্লিশের ঘর পেরিয়েও তাঁকে ১৮ বছরের তরুণীর মতোই চটপটে লাগছে।
অভিনয়ের পাশাপাশি নিজের আঙিনায় বাগান করা, গাছপালা ও পোষ্যদের যত্ন নেওয়ার মধ্য দিয়েই কাটানো অবসরকে ভীষণ উপভোগ করেন জয়া। পর্দায় তাঁকে সর্বশেষ দেখা গেছে কৌশিক গাঙ্গুলির ‘আজও অর্ধাঙ্গিনী’ চলচ্চিত্রে, যা ভারতে মুক্তি পেয়ে দর্শক ও সমালোচকদের কাছে বেশ ভূয়সী প্রশংসা কুড়িয়েছে।