বলিউডে কাস্টিং কাউচ বা কাজের বিনিময়ে যৌন হেনস্তার ঘটনা নতুন নয়। এবার সেই অন্ধকার অধ্যায় নিয়ে নিজের তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন ‘জয় হো’ খ্যাত অভিনেত্রী ডেইজি শাহ। সম্প্রতি এক সাক্ষাৎকারে দক্ষিণ ভারতের এক প্রভাবশালী পরিচালকের অপেশাদার ও আপত্তিকর আচরণ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি।

ডেইজি জানান, কয়েক বছর আগে দক্ষিণি এক পরিচালক কাস্টিংয়ের জন্য মুম্বাইয়ে এসেছিলেন। একটি হোটেলের কক্ষে ডেইজিসহ আরও কয়েকজন মেয়ে অডিশন দিতে যান। পরিচালক প্রত্যেকের সঙ্গে আলাদাভাবে দেখা করছিলেন। ডেইজির ভাষ্যমতে:

“আমি ঘরে ঢুকতেই তাঁর আচরণে খুব অস্বস্তি বোধ করি। তিনি খুব বাজেভাবে আমাকে স্পর্শ করছিলেন এবং আমার হাত ধরে ছিলেন। ব্যক্তিগতভাবে আমি অন্যের স্পর্শ নিয়ে খুব সচেতন, এমনকি আমি বডি ম্যাসাজও করাই না। সেখানে একজন পুরুষ ওভাবে আমাকে ধরায় আমি চরম অস্বস্তিতে পড়ি।”

ডেইজি আরও জানান, সেই পরিস্থিতি থেকে বাঁচতে তিনি কৌশল অবলম্বন করেন এবং পরে দেখা করার কথা বলে রুম থেকে বেরিয়ে আসেন। এরপর ওই পরিচালকের সঙ্গে তিনি আর কোনো যোগাযোগ করেননি।

কোরিওগ্রাফার গণেশ আচার্যর সহকারী এবং ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন ডেইজি। কন্নড় ছবি ‘ভদ্র’ ও ‘বডিগার্ড’-এর মাধ্যমে অভিনয়ে হাতেখড়ি হলেও ২০১৪ সালে সালমান খানের বিপরীতে ‘জয় হো’ ছবির মাধ্যমে রাতারাতি আলোচনায় আসেন তিনি। এরপর ‘হেট স্টোরি ৩’ এবং ‘রেস ৩’-এর মতো বড় প্রজেক্টে তাঁকে দেখা গেছে।

সম্প্রতি আমজাদ খানের ওয়েব সিরিজ ‘রেড রুম’-এ ডেইজির অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। অভিনয়ের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও তিনি সফল। তাঁর ইউটিউব চ্যানেলে প্রায় ৫০ হাজার সাবস্ক্রাইবার নিয়মিত তাঁর ভ্লগ উপভোগ করেন।

খুব শীঘ্রই পলাশ মুচ্ছল পরিচালিত একটি থ্রিলার ছবিতে দেখা যাবে ডেইজিকে। এই ছবিতে তিনি জনপ্রিয় অভিনেতা শ্রেয়াস তালপাড়ের বিপরীতে প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন।