চীনের বক্স অফিসে নতুন আলোচনার জন্ম দিয়েছে পারিবারিক নাট্যধর্মী সিনেমা ‘ডিয়ার ইউ’। স্বল্প বাজেটে নির্মিত এই চলচ্চিত্রটি মুক্তির পর থেকেই দর্শকদের আবেগ ছুঁয়ে গেছে। ফলস্বরূপ বক্স অফিসেও পেয়েছে দারুণ সাফল্য।
জুনের প্রথম সপ্তাহান্তে ছবিটি আয় করেছে প্রায় ১ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। আইএমডিবির তথ্য অনুযায়ী, বর্তমানে সিনেমাটির বৈশ্বিক আয় দাঁড়িয়েছে ২৪ কোটি ৮৭ লাখ ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় ৩ হাজার কোটিরও বেশি। অথচ ছবিটির নির্মাণ ব্যয় ছিল মাত্র ১৭ কোটি টাকা।
সিনেমাটি পরিচালনা করেছেন হংচুন লান। এতে অভিনয় করেছেন সিটং লি, ইয়ানটং ওয়াং এবং শাওকিং উ। তুলনামূলক কম বাজেটে নির্মিত হলেও শক্তিশালী গল্প ও আবেগঘন উপস্থাপনার কারণে দ্রুত দর্শকপ্রিয়তা অর্জন করেছে ছবিটি।
‘ডিয়ার ইউ’-এর গল্প আবর্তিত হয়েছে প্রত্যন্ত অঞ্চলের এক বৃদ্ধা নারী ইয়ে শুরোউকে ঘিরে। ঋণের চাপে জর্জরিত তার নাতি একদিন থাইল্যান্ডে পাড়ি জমায় এক কথিত বিলিয়নিয়ার দাদার খোঁজে। সেই অনুসন্ধানের মধ্য দিয়ে ধীরে ধীরে উন্মোচিত হতে থাকে অর্ধশতাব্দী ধরে লুকিয়ে থাকা এক প্রেমের গল্প।
গল্পের একটি গুরুত্বপূর্ণ দিক হলো ঐতিহ্যবাহী ডাকব্যবস্থার মাধ্যমে আদান-প্রদান হওয়া চিঠি। বহু বছর ধরে যাঁকে চিঠি লিখতেন ইয়ে শুরোউ, শেষ পর্যন্ত তার পরিচয় ঘিরে তৈরি হয় চমকপ্রদ রহস্য।
আন্তর্জাতিক গণমাধ্যমের বিশ্লেষণে বলা হয়েছে, প্রযুক্তিনির্ভর যুগে হারিয়ে যেতে বসা চিঠির সংস্কৃতি ও প্রবাসী চীনাদের স্মৃতিবহ যোগাযোগব্যবস্থা সিনেমাটির অন্যতম আকর্ষণ। এই বিষয়টি বিশেষ করে প্রবীণ দর্শকদের মধ্যে গভীর নস্টালজিয়া তৈরি করেছে।
বিশ্লেষকদের মতে, ‘ডিয়ার ইউ’-এর সবচেয়ে বড় শক্তি এর মানবিক গল্প। পরিবার, অভিবাসন, প্রজন্মগত দূরত্ব, বিচ্ছিন্নতা, ভালোবাসা, অনুশোচনা এবং ক্ষমার মতো বিষয়গুলোকে একসঙ্গে তুলে আনা হয়েছে অত্যন্ত সংবেদনশীলভাবে।
বড় বাজেটের অ্যাকশন ও ফ্যান্টাসি সিনেমার ভিড়ে ‘ডিয়ার ইউ’ ব্যতিক্রমী অবস্থান তৈরি করেছে। এখানে দর্শকদের আকৃষ্ট করেছে না কোনো বিশাল ভিজ্যুয়াল ইফেক্ট, না চমকপ্রদ অ্যাকশন; বরং মানুষের সম্পর্ক, স্মৃতি এবং আবেগের গল্পই ছবিটির সাফল্যের মূল ভিত্তি।
চীনের বক্স অফিস বিশ্লেষকদের মতে, স্থানীয় সংস্কৃতি ও পারিবারিক আবেগকে কেন্দ্র করে নির্মিত হওয়ায় শহর ও গ্রামের দর্শকদের কাছেও সমানভাবে গ্রহণযোগ্য হয়েছে ছবিটি। একই সঙ্গে এটি প্রমাণ করেছে, শক্তিশালী গল্প ও বিশ্বাসযোগ্য চরিত্র থাকলে স্বল্প বাজেটের চলচ্চিত্রও বিশাল বাণিজ্যিক সাফল্য অর্জন করতে পারে।
উল্লেখ্য, ২০২৬ সালের শুরু থেকে চীনের বক্স অফিস আয় গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে। এমন পরিস্থিতিতে ‘ডিয়ার ইউ’-এর সাফল্য আবারও মনে করিয়ে দিয়েছে, দর্শক শেষ পর্যন্ত এমন গল্পই খোঁজেন যেখানে তারা নিজেদের জীবন, পরিবার ও স্মৃতির প্রতিচ্ছবি দেখতে পান।