চলচ্চিত্র নির্মাতা ও উপস্থাপক দেবাশীষ বিশ্বাস শোবিজে যাত্রা শুরু করেছিলেন উপস্থাপনা দিয়ে। তার উপস্থাপনায় একুশে টেলিভিশনের জনপ্রিয় স্ট্রিট শো ‘পথের প্যাঁচালী’ একসময় দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল। দীর্ঘদিন ধরেই দর্শকের প্রশ্ন ছিল অনুষ্ঠানটি কি আবার ফিরবে? অবশেষে সেই প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে।
দেবাশীষ বিশ্বাস জানিয়েছেন, আসন্ন রোজার ঈদের পর একুশে টেলিভিশন এ শুরু হবে ‘পথের প্যাঁচালী’র নতুন সিজন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চ্যানেলটির বিশেষ পরিকল্পনার অংশ হিসেবেই অনুষ্ঠানটি ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন সিজন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে দেবাশীষ বলেন, একুশে টেলিভিশন ও ‘পথের প্যাঁচালী’ই তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। গত ২৬ বছর ধরে দর্শকের ভালোবাসা পাওয়ার পেছনে এই অনুষ্ঠানটির ভূমিকা সবচেয়ে বেশি। বহু বছর ধরে মানুষ তাকে অনুষ্ঠানটি আবার শুরু করার অনুরোধ করে আসছেন। এবার সেই প্রত্যাশার জবাব দিতে চান তিনি।
তিনি জানান, সম্প্রতি একুশে টেলিভিশনের সঙ্গে একাধিক অনুষ্ঠান নিয়ে আলোচনা হয়। সেখান থেকেই ‘পথের প্যাঁচালী’কে নতুনভাবে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সময়ের পরিবর্তনের কারণে অনুষ্ঠানের ফরম্যাটে কিছু পরিবর্তন আসতে পারে। আগের মতো পুরোপুরি আউটডোর শুটিং, পথচলতি মানুষের সঙ্গে সরাসরি মজার প্রশ্নোত্তর এই স্বতঃস্ফূর্ততাই ছিল অনুষ্ঠানের মূল আকর্ষণ। এবারও সেই আবহ বজায় রেখে সমসাময়িক দর্শকের রুচি অনুযায়ী নতুন আঙ্গিক যোগ করার পরিকল্পনা রয়েছে।
দেবাশীষের ভাষায়, সময় বদলেছে, পরিস্থিতি বদলেছে, তার বয়সও আগের মতো নেই। তবুও নতুনভাবে সাজিয়ে দর্শকদের সামনে হাজির হলে তারা আগের মতোই ভালোবাসবেন এমনটাই তার বিশ্বাস। এখন অপেক্ষা ঈদের পর আনুষ্ঠানিক শুরুর।