দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন বলিউড অভিনেত্রী Deepika Padukone। কয়েক মাস আগে স্বামী Ranveer Singh-এর সঙ্গে যৌথভাবে নতুন অতিথি আসার সুখবর জানান তিনি। এবার সেই ঘোষণার পর প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল অভিনেত্রীকে, আর তাতেই আলোচনায় এসেছে তাঁর স্পষ্ট বেবিবাম্প।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সন্ধ্যায় নিজেদের নতুন বাড়ির বারান্দায় একসঙ্গে দেখা যায় দীপিকা ও রণবীরকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে সাদা রঙের কো-অর্ড পোশাকে দেখা যায় দীপিকাকে। অন্যদিকে রণবীর ছিলেন লাল টি-শার্ট, কালো প্যান্ট ও ক্যাপে।

ছবি প্রকাশের পর ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। অনেকেই মন্তব্য করেছেন, মাতৃত্বের বিশেষ উজ্জ্বলতা দীপিকার মুখে স্পষ্ট ফুটে উঠেছে। কেউ তাঁর বেবিবাম্পের প্রশংসা করেছেন, আবার কেউ পরিবারের নতুন সদস্যকে স্বাগত জানানোর অপেক্ষার কথা জানিয়েছেন।

চলতি বছরের শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক যৌথ পোস্টের মাধ্যমে দ্বিতীয় সন্তানের আগমনের খবর দেন এই তারকা দম্পতি। সেই পোস্টে তাদের মেয়ে দুয়াকে একটি প্রেগন্যান্সি টেস্ট কিট হাতে দেখা যায়, যেখানে ইতিবাচক ফলাফলের ইঙ্গিত ছিল। ছবিতে দুয়ার হাত ধরে ছিলেন দীপিকা ও রণবীর।

উল্লেখ্য, ২০১৮ সালে ইতালিতে বিয়ের বন্ধনে আবদ্ধ হন দীপিকা ও রণবীর। ২০২৪ সালের সেপ্টেম্বরে জন্ম নেয় তাদের প্রথম সন্তান দুয়া। পরে ২০২৫ সালের দীপাবলিতে প্রথমবারের মতো মেয়ের পরিচয় ভক্তদের সামনে আনেন তারা।

বর্তমানে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় থাকা এই তারকা দম্পতিকে ঘিরে ভক্তদের আগ্রহও তুঙ্গে রয়েছে।