বলিউড সুপারস্টার দীপিকা পাড়ুকোনকে নিয়ে করা এক বছরের পুরোনো এক সাক্ষাৎকার নতুন করে নেটদুনিয়ায় ভাইরাল হওয়ার পর তীব্র সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা ও মডেল মুজাম্মিল ইব্রাহিম। বিচ্ছেদ নিয়ে পুরোনো মন্তব্য ঘিরে শুরু হওয়া বিতর্কের পর অবশেষে নীরবতা ভেঙে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি।
সম্প্রতি ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে মুজাম্মিল ইব্রাহিম দাবি করেছেন যে, সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমানে যে সাক্ষাৎকারটি ছড়ানো হচ্ছে এবং যেটিকে ‘নতুন দাবি’ হিসেবে হেডলাইন করা হচ্ছে, তা আসলে এক বছরেরও বেশি সময় আগে রেকর্ড করা হয়েছিল। তিনি ক্ষোভ প্রকাশ করে জানান, একটি দীর্ঘ আলাপচারিতার ছোট ছোট অংশ প্রেক্ষাপট ছাড়াই ছড়ানো হচ্ছে। ভিডিও এডিটিংয়ের কারণে অনেক সময় কথার আসল অর্থ, দ্বিধা ও পারস্পরিক সম্মান হারিয়ে যায়।
এর আগে ২০২৫ সালের জুনে সাংবাদিক সিদ্ধার্থ কাননের ইউটিউব শোতে দেওয়া সেই সাক্ষাৎকারে মুজাম্মিল দাবি করেছিলেন, মুম্বাইয়ে আসার পর দীপিকার প্রথম ঘনিষ্ঠ সম্পর্ক তাঁর সঙ্গেই ছিল এবং দীপিকাই তাঁকে প্রথম প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। সম্পর্ক ভাঙার সিদ্ধান্তও তিনি নিজে নিয়েছিলেন উল্লেখ করে মুজাম্মিল বলেছিলেন, “আমি কাউকে ছেড়ে আসার জন্য কখনো আফসোস করি না। তখন আমি তারকা ছিলাম, সে ছিল একজন মডেল। এখন সে সুপারস্টার, আর আমাকে কেউ চেনে না।” পুরোনো এই মন্তব্যগুলো নতুন করে ভাইরাল হতেই নেটিজেনদের একাংশ তাঁর ওপর চটে যান।
তবে নিজের বিবৃতিতে মুজাম্মিল স্পষ্ট করেছেন যে, অতীতের মানুষদের প্রতি তাঁর মনে সবসময় সম্মান ছিল এবং ভবিষ্যতেও থাকবে। দীপিকার বর্তমান সাফল্য দেখে তাঁর মনে কোনো হিংসা নেই, বরং তিনি খুশি। বর্তমানে দীপিকা পাড়ুকোন নির্মাতা সিদ্ধার্থ আনন্দের ‘কিং’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন এবং এই কাজ শেষ করেই তিনি মাতৃত্বকালীন বিরতিতে যাবেন। মুজাম্মিল সবাইকে অনুরোধ জানিয়ে বলেন, তিনি সৎ ও সম্মানজনক আলোচনায় বিশ্বাসী এবং চান যেন সবাই এই বিতর্ক বাদ দিয়ে তাঁর কাজ ও ব্যক্তিগত জীবনকে সম্মান জানান।