অয়ন মুখার্জি পরিচালিত ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার ফ্র্যাঞ্চাইজি ‘ব্রহ্মাস্ত্র’-এর পরবর্তী পর্ব নিয়ে বহু দিন ধরেই চর্চা চলছে বি-টাউনে। এরই মধ্যে চাউর হয়েছিল, সিনেমাটির দ্বিতীয় কিস্তিতে মুখ্য ভুমিকায় দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। তবে খবরটিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে নাকচ করে দিয়েছে এই তারকা অভিনেত্রীর অফিশিয়াল টিম।

দীপিকার অফিশিয়াল মুখপাত্রের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, “দীপিকা পাড়ুকোন ‘ব্রহ্মাস্ত্র ২’-এর অংশ হচ্ছেন বা কোনোভাবে এই প্রকল্পের সঙ্গে যুক্ত আছেন, এমন সাম্প্রতিক সব প্রতিবেদনই সম্পূর্ণ মিথ্যা।” ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান- শিবা’ বিশ্বব্যাপী ৪০০ কোটি রুপির বেশি ব্যবসা করে মহামারি-পরবর্তী হিন্দি ইন্ডাস্ট্রিতে অন্যতম বড় সাফল্য এনে দিয়েছিল। ২০২৩ সালেই পরিচালক অয়ন মুখার্জি জানান, আগামী দুই কিস্তি প্রথমটির চেয়েও বড় পরিসরে তৈরি হবে।

রণবীর কাপুরও সিনেমাটির চিত্রনাট্য নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে জানিয়েছিলেন, শিবা-ইশার রসায়ন ও সংলাপ নিয়ে প্রথম পর্বে যেসব সমালোচনা হয়েছিল, সেগুলোকে শুধরে দ্বিতীয় পর্বটি আরও সমৃদ্ধ করা হচ্ছে। অয়ন মুখার্জি ‘ওয়ার ২’ সিনেমার কাজ শেষ করেই ‘ব্রহ্মাস্ত্র ২’-এর শুটিংয়ে হাত দেবেন। এদিকে দীপিকাকে ‘ব্রহ্মাস্ত্র’-এ না পাওয়া গেলেও সামনে শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ এবং আল্লু অর্জুনের সঙ্গে ‘রাকা’ সিনেমায় দেখা যাবে।