একসময় দেবের সিনেমা মানেই ছিল জিৎ গাঙ্গুলির সুর আর কণ্ঠের জাদু। সেই সময়ের অসংখ্য গান আজও দর্শকের মনে নস্টালজিয়া জাগায়। এবার সেই পুরোনো স্মৃতিকেই নতুনভাবে ফিরিয়ে আনতে যাচ্ছে আসন্ন টালিউড সিনেমা ‘দেশু ৭’।

জানা গেছে, দুর্গাপূজায় মুক্তির অপেক্ষায় থাকা এই সিনেমায় নতুনভাবে ব্যবহার করা হচ্ছে ২০০৯ সালের জনপ্রিয় চলচ্চিত্র ‘পরাণ যায় জ্বলিয়া রে’-এর টাইটেল ট্র্যাক। নতুন সংগীতায়োজন ও উপস্থাপনায় গানটি দর্শকদের সামনে হাজির হবে ‘দেশু ৭’-এ, যা ইতোমধ্যেই ভক্তদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে।

সিনেমাটিতে দেবের বিপরীতে অভিনয় করছেন শুভশ্রী গাঙ্গুলি। তবে পুরোনো জনপ্রিয় গানটি ফিরলেও এর সঙ্গে থাকছেন না সেই গানের অন্যতম পরিচিত নাম জিৎ গাঙ্গুলি। দীর্ঘদিন ধরেই গুঞ্জন ছিল, ‘দেশু ৭’-এর সংগীত পরিচালনার দায়িত্বে থাকবেন তিনি। এমনকি পুরোনো জনপ্রিয় গানগুলোর নতুন সংস্করণও তাঁর তত্ত্বাবধানে তৈরি হবে বলে আলোচনা ছিল।

কিন্তু শেষ পর্যন্ত বিষয়টি সেভাবে ঘটেনি। সূত্রের খবর, জিৎ গাঙ্গুলি সাধারণত কোনো চলচ্চিত্রের পুরো সংগীত অ্যালবামের দায়িত্ব নিতে পছন্দ করেন। এবার তাকে শুধু দুটি গানের সুর করার প্রস্তাব দেওয়া হয়েছিল। সে কারণেই তিনি সুরকার হিসেবে প্রকল্পটিতে যুক্ত হননি।

তবে এতে করে দেব-জিৎ জুটির অনুরাগীদের হতাশ হওয়ার কারণ নেই। কারণ সিনেমাটিতে একটি গানে কণ্ঠ দিয়েছেন জিৎ গাঙ্গুলি নিজেই। সেই গানে পর্দায় পারফর্ম করবেন দেব। ফলে দীর্ঘদিন পর আবারও কণ্ঠশিল্পী জিৎ এবং অভিনেতা দেবের জনপ্রিয় সমন্বয় দেখতে পাবেন দর্শকরা।

জানা গেছে, গানটির সুর করেছেন স্যাভি এবং গীতিকার হিসেবে রয়েছেন প্রসেন। ফলে পুরোনো আবেগ থাকলেও এবার সংগীতের আঙ্গিকে থাকছে নতুনত্ব।

এদিকে ‘দেশু ৭’-এর শুটিংও চলছে জোরেশোরে। বর্তমানে ভারতের লাদাখে অবস্থান করছেন দেব ও শুভশ্রী। সেখানে সিনেমাটির একটি গানের দৃশ্য ধারণ করা হচ্ছে বলে জানা গেছে।

বিশেষ এই সিনেমার আরেকটি বড় আকর্ষণ হলো, প্রযোজনার পাশাপাশি পরিচালনার দায়িত্বও নিজেই সামলাচ্ছেন দেব। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আসন্ন দুর্গাপূজায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে দেব ও শুভশ্রী জুটির সপ্তম চলচ্চিত্র ‘দেশু ৭’।

পুরোনো জনপ্রিয় গানের নতুন সংস্করণ, দেব-জিৎ জুটির আংশিক পুনর্মিলন এবং দেব-শুভশ্রীর জনপ্রিয় রসায়ন মিলিয়ে ‘দেশু ৭’ ইতোমধ্যেই টালিউডের বহুল প্রতীক্ষিত সিনেমাগুলোর একটি হয়ে উঠেছে।