সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে সম্প্রতি ভাইরাল হয়েছে আশির দশকের রেট্রো লুক ফিল্টারের নতুন এক ট্রেন্ড। আধুনিক ছবির ওপর কেবল সাধারণ কোনো ভিনটেজ ফিল্টার বসিয়ে নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত চ্যাটজিপিটির (ChatGPT) সহায়তায় চার দশক আগের পরিবেশ, পোশাক, চুল ও মেকআপ হুবহু ফুটিয়ে তুলে ছবি তৈরি করছেন নেটিজেনরা। 

প্রতিবেদনে জানানো হয়, চ্যাটজিপিটিতে স্পষ্ট মুখের ছবি আপলোড করে আশির দশকের আবহে রূপান্তরের প্রম্পট দিলেই তৈরি হয়ে যাচ্ছে নস্টালজিক সব পোর্ট্রেট। ইনস্টাগ্রামের ‘অ্যাড ইওরস’ (Add Yours) স্টিকার ব্যবহার করে ব্যবহারকারীরা একে অপরকে এই ট্রেন্ডে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছেন। তবে ছবি তৈরির ক্ষেত্রে মুখের মূল গড়ন, গায়ের রঙ ও স্বাভাবিক অভিব্যক্তি বজায় রাখার নির্দেশ দিলে ছবিগুলো অতিরিক্ত কৃত্রিম না হয়ে অনেক বেশি বাস্তবসম্মত দেখায়।

এআই প্রযুক্তির সাহায্যে তৈরি এসব ছবিকে সরাসরি বাস্তব বলে ভুল না করার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ ছবিগুলোতে হাত, আঙুল, অলংকার কিংবা পেছনের লেখায় কিছু ভুলত্রুটি বা বিচ্যুতি থেকে যেতে পারে। এ ছাড়া নিরাপত্তা ও গোপনীয়তা বজায় রাখতে নিজস্ব কোনো সংবেদনশীল তথ্য বা নথি সংবলিত ছবি এআইয়ে আপলোড না করার বিষয়ে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।