২০২৬ জুড়ে রূপালি পর্দা কাঁপাতে প্রস্তুত টলিউডের বক্স অফিস ‘কিং’ দেব। ইতিমধ্যেই নিজের বছরের ক্যালেন্ডার ঘোষণা করেছেন তিনি। এ বছর তিনটি ছবি নিয়ে দর্শকের সামনে আসছেন দেব। স্বাধীনতা দিবসের প্রাক্কালে বাইক অ্যাম্বুলেন্স দাদা করিমূল হকের বায়োপিক নিয়ে হাজির হবেন তিনি।

তবে সেই ছবির উন্মাদনাকেও ছাপিয়ে দর্শকদের আগ্রহ এখন পূজার ছবি ‘দেশু’ নিয়ে। এই ছবির প্রচারে কোমর বেঁধে নেমে পড়েছেন দেব নিজেও। ফের একবার প্রাক্তন প্রেমিকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। সম্প্রতি শুভশ্রীকে বাহুডোরে আগলে ছবি শেয়ার করে দেব জানান, তাঁদের আসন্ন ছবির অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ৫ ফেব্রুয়ারি।

এই ঘোষণার সঙ্গে বাড়তি পাওনা হিসেবে মিলেছে ‘দেশু’-র কিছু মিষ্টি মুহূর্ত। আর সেই মুহূর্ত যদি ধরা পড়ে বিশ্ববিখ্যাত সুইস ব্র্যান্ড ফ্রাঙ্ক মুলারের ঘড়িতে, তাহলে আলোচনাই অন্য জায়গায় পৌঁছায়। এদিন দেবের স্টাইলিশ লুক নজর কাড়লেও ভক্তদের চোখ আটকে যায় তাঁর বাঁ হাতের কব্জিতে। সেখানে জ্বলজ্বল করছিল ফ্রাঙ্ক মুলার ব্র্যান্ডের একটি দামী মাস্টারপিস।

দেব যে ঘড়িটি পরেছেন, সেটি সাধারণ কোনো ঘড়ি নয়। এটি ফ্রাঙ্ক মুলারের আইকনিক ভ্যানগার্ড ইয়াটিং সিরিজের একটি বিশেষ মডেল। সমুদ্র ও আভিজাত্যকে থিম করে তৈরি এই ঘড়িটির নীল ডায়াল, তার ওপর কম্পাস রোজের কারুকার্য এবং বড় সাদা অ্যারাবিক সংখ্যা একে আলাদা মাত্রা দিয়েছে। স্টেইনলেস স্টিলের বডি ও নীল প্রিমিয়াম স্ট্র্যাপে দেবের সাধারণ সাজও হয়ে উঠেছে রাজকীয়।

আন্তর্জাতিক ঘড়ি বিশেষজ্ঞদের মতে, এই মডেলটির দাম কম নয়। ভারতীয় মুদ্রায় ট্যাক্স ও কাস্টমস মিলিয়ে এর বাজারমূল্য আনুমানিক সাড়ে আট লক্ষ থেকে সাড়ে এগারো লাখ টাকা পর্যন্ত হতে পারে। অর্থাৎ কব্জিতে কার্যত একটি দামী গাড়ির সমান মূল্য নিয়ে ঘুরছেন ‘চ্যালেঞ্জ’ খ্যাত অভিনেতা।

ছবিতে দেবকে দেখা গেছে ডেনিম শার্টে স্মার্ট লুকে, আর পাশে অল-ব্ল্যাক পোশাকের ওপর আসমানি নীল জ্যাকেটে শুভশ্রী গঙ্গোপাধ্যায়। একসময় এই জুটি পর্দায় অগণিত হিট ছবি উপহার দিয়েছে। গত বছর মুক্তি পায় তাঁদের প্রায় দশ বছর আগে শুট করা ছবি ধুমকেতু, যা ২০২৫ সালের সবচেয়ে বড় হিট বাংলা ছবিগুলোর একটি হয়ে ওঠে। দর্শক যে আজও এই জুটির প্রতি আকৃষ্ট, তা স্পষ্ট।

টলিউডের প্রথম সারির তারকাদের মধ্যে দেব বরাবরই তাঁর শৌখিনতার জন্য পরিচিত। ফ্রাঙ্ক মুলারের মতো গ্লোবাল লাক্সারি ব্র্যান্ডের ঘড়ি তাঁর সংগ্রহে থাকা প্রমাণ করে দেয়, রুচি ও বিলাসিতার দিক থেকে তিনি মুম্বইয়ের বড় তারকাদের চেয়েও কম নন।

ব্যক্তিগত জীবনের টানাপোড়েন পেরিয়েও দেব-শুভশ্রীর রসায়ন যে এখনও অটুট, এই ছবিগুলোই তার প্রমাণ। তবে সব গ্ল্যামার ছাপিয়ে আপাতত আলোচনার কেন্দ্রবিন্দু দেবের সেই মহার্ঘ ঘড়ি। টলি-পাড়ার এই আড্ডার ছবি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল কেউ প্রশংসা করছেন তাঁদের বন্ধুত্বের, কেউ আবার হিসাব কষছেন দেবের কব্জিতে থাকা সেই দামী সময়ের।