কলকাতার সিনেমায় একসময় জনপ্রিয় জুটি ছিলেন দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। পর্দার রসায়নের পাশাপাশি বাস্তব জীবনেও তাদের মধ্যে ছিল প্রেমের সম্পর্ক। তবে সময়ের সঙ্গে সেই সম্পর্কের ইতি ঘটেছে। শুভশ্রী এখন পরিচালক রাজ চক্রবর্তীর স্ত্রী, আর দেব অভিনয়ের পাশাপাশি প্রযোজনা ও পরিচালনায়ও ব্যস্ত। প্রেমের সম্পর্ক অতীত হলেও দুজনের বন্ধুত্ব এখনও অটুট রয়েছে।

একসময় তাদের মধ্যে অভিমান থাকলেও দেবের একটি ফোনেই যেন সেই দূরত্ব মুছে যায়। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর রাতে এমনই একটি ঘটনা ঘটে। রাজ চক্রবর্তীর সঙ্গে বিদেশে ছুটি কাটাচ্ছিলেন শুভশ্রী। ভারতীয় সময় তখন রাত ২টা। হঠাৎ ফোনে দেবের একটি মিসড কল দেখতে পান তিনি। সেই মুহূর্তের কথা বলতে গিয়ে শুভশ্রী জানান, মিসড কলটি দেখেই তিনি বুঝেছিলেন, ফোনের কারণ যা-ই হোক, দেবের পাশে তাকে দাঁড়াতে হবে।

এরপর দেব ফোন করে তাকে জানান, তিনি কিছুই জানেন না, এমনকি ছবির স্ক্রিপ্ট, পরিচালক কিংবা বিষয়বস্তু সম্পর্কেও কোনো ধারণা নেই। শুধু একটি সিনেমা ঘোষণা করতে চান এবং শুভশ্রী সেই ছবিতে অভিনয় করবেন কি না, সেটিই জানতে চান। দেবের এমন প্রস্তাব পেয়ে এক মুহূর্তও ভাবেননি শুভশ্রী। কোনো প্রশ্ন না করেই বন্ধুর প্রস্তাবে রাজি হয়ে যান তিনি।

শুভশ্রীর কথায়, দেবের প্রতি তার আস্থার জায়গাটিই এই ঘটনায় স্পষ্ট হয়েছে। ‘দেশু৭’-এর র‍্যাপ-আপ পার্টিতে ক্যামেরার সামনে সেই রাতের ঘটনা তুলে ধরে তিনি বলেন, মিসড কল দেখার পরই বুঝেছিলেন, ফোনের কারণ যা-ই হোক, তাকে দেবের পাশে দাঁড়াতে হবে।

শুধু অভিনয়ের প্রস্তাবে রাজি হওয়াই নয়, নতুন পরিচালক দেবকে নিয়েও নিজের অভিজ্ঞতা জানিয়েছেন শুভশ্রী। তাদের একসঙ্গে পথচলার কথা উল্লেখ করে তিনি জানান, ফটোশুটের সময়ই দেবের ভিশন ও কাজের বিষয়ে স্পষ্টতা দেখে তার মনে হয়েছিল, দেব হয়তো পরিচালক হওয়ার জন্যই এসেছেন।

তবে শুটিংয়ের প্রথম দিনে পরিচালক হিসেবে দেবকে দেখে তার সেই ধারণা কিছুটা বদলে যায়। প্রথমে মনে হয়েছিল, পরিচালক হিসেবে দেব সম্ভবত ভালো অভিনয়টাই করছেন। কিন্তু সময়ের সঙ্গে সেই ধারণা পাল্টে যায়। পরিচালকের আসনে দেবের কাজ দেখে মুগ্ধ হন শুভশ্রী।

এদিকে দেব-শুভশ্রী জুটিকে ঘিরে দর্শকদের আগ্রহ এখনও রয়েছে। কলকাতার সিনেমার অন্যতম জনপ্রিয় এই জুটি এবার ‘দেশু৭’ সিনেমার মাধ্যমে আবারও বড়পর্দায় একসঙ্গে হাজির হতে যাচ্ছেন। পুরোনো জুটির নতুন রসায়ন দেখতে এখন অপেক্ষায় দর্শক।