সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবর্তে ‘দাদাগিরি’র নতুন সঞ্চালক হিসেবে এবার দেখা যাবে টলিউড সুপারস্টার দেবকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রোমো ও শুটিংয়ের নানা ঝলক প্রকাশের পর থেকেই দর্শকদের মনে একটাই প্রশ্ন সৌরভের জায়গায় দেব কতটা সফল হবেন?
সম্প্রতি নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় ‘দাদাগিরি’ সিজন ১১ এর গ্র্যান্ড ওপেনিংয়ের শুটিং। অনুষ্ঠানস্থলে শুরু থেকেই ছিল উৎসবের আমেজ। লাল গালিচা, বর্ণিল আয়োজন আর দর্শকদের উচ্ছ্বাসে জমে ওঠে পুরো পরিবেশ।
কালো পোশাকে মঞ্চে প্রবেশ করেন নতুন ‘দাদা’ দেব। পরিচিত হাসি আর আত্মবিশ্বাসী উপস্থিতিতে শুরুতেই দর্শকদের মন জয় করেন তিনি। চারদিকে তখন ভক্তদের ‘দাদা, দাদা’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউডের প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, বলিউড গায়ক শান, ভারতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক সুনীল ছেত্রী, শিল্পপতি হর্ষ নেওটিয়া এবং বন্ধন ব্যাংকের সাবেক এমডি ও সিইও চন্দ্রশেখর ঘোষসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা। ভিন্টেজ খোলা গাড়িতে তাদের রাজকীয় প্রবেশ অনুষ্ঠানটিকে আরও আকর্ষণীয় করে তোলে।
শুটিংয়ের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেব জানান, ‘দাদাগিরি’র দায়িত্ব নেওয়ার পর সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তার কথা হয়েছে। তিনি বলেন, “দাদার সঙ্গে কথা হয়েছে। কয়েকটা টিপসও দিয়েছে। শুভেচ্ছাও জানিয়েছে। আমি এই জায়গাটা নেওয়ায় দাদা খুব খুশি। সবাই জানে, দাদার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। দাদাও নতুন কিছু করতে চেয়েছিল। চ্যানেলেরও মনে হয়েছে, এবার অন্যরকম কিছু করা দরকার। আমিও সেটাই চেয়েছি।”
এবারের ‘দাদাগিরি’ শুধু নতুন সঞ্চালকেই সীমাবদ্ধ থাকছে না। বদল এসেছে অনুষ্ঠানটির ফরম্যাটেও। নতুন এই মৌসুমে দেবের সঙ্গে থাকবেন একজন স্থায়ী সহযোগী, যিনি প্রতিটি পর্বে বিভিন্ন তথ্য, মজার বিষয় এবং প্রতিযোগীদের ভুলত্রুটি নিয়ে দর্শকদের সামনে হাজির হবেন।
সব মিলিয়ে নতুন আঙ্গিকে সাজানো ‘দাদাগিরি’ সিজন ১১ নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। তবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর দেব ঠিক কতটা সফলভাবে এই জনপ্রিয় শোকে এগিয়ে নিতে পারবেন, তার উত্তর মিলবে অনুষ্ঠানটি সম্প্রচারের পরই।