পশ্চিমবঙ্গের বাংলা চলচ্চিত্র অঙ্গনের অন্যতম সফল ও চর্চিত জুটি দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। একসময় ‘দেশু’ নামে ভক্তদের কাছে পরিচিত এই জুটির প্রতিটি সিনেমাই বক্স অফিসে পেয়েছে দারুণ সফলতা। তবে ব্যক্তিগত নানা কারণে দীর্ঘ বছর ধরে একসঙ্গে পর্দায় দেখা মেলেনি এই তারকা জুটির। দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও রূপালি পর্দায় জুটি বাঁধছেন তাঁরা।

শনিবার প্রকাশিত হয়েছে দেব-শুভশ্রী জুটির নতুন সিনেমা ‘দেশু ৭’-এর প্রথম অফিশিয়াল পোস্টার। বিশেষ বিষয় হলো, এই সিনেমাটির মাধ্যমে প্রথমবারের মতো পরিচালকের আসনে বসেছেন খোদ দেব। প্রকাশ পাওয়া পোস্টারে দেখা গেছে পাহাড়ের কোলে বাইকের ওপর দেবের পেছনে শুভশ্রী জড়িয়ে ধরে বসে আছেন। পুরনো দিনের রোম্যান্টিক আবহে ভরা এই পোস্টারটি প্রকাশ পেতেই নেটদুনিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয় এবং ভক্তদের ভালোবাসায় ভরে ওঠে দেবের সামাজিক যোগাযোগের মাধ্যম।

পোস্টারের ক্যাপশনে লেখা হয়েছে, ‘যতই আসুক না বাধা, তোমায়-আমায় করা যাবে না আলাদা। ভালোবাসা তাদের চোখে, আগুন তাদের রক্তে। প্রেম ও অ্যাকশনের নতুন এক অধ্যায়ের জন্য সবাই প্রস্তুত হও।’ প্রিয় এই জুটির কামব্যাকে কেবল সাধারণ দর্শকেরাই নন, উচ্ছ্বাস প্রকাশ করেছেন শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তী এবং দেবের প্রেমিকা রুক্মিণী মৈত্রও।

উল্লেখ্য, দীর্ঘ ১১ বছর পর সম্পূর্ণ নতুন কোনো কাজের জন্য একফ্রেমে বন্দি হচ্ছেন দেব ও শুভশ্রী। যদিও গত বছর তাঁদের পুরোনো সিনেমা ‘ধূমকেতু’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল, তবে সেটির শুটিং সম্পন্ন হয়েছিল ২০১৫ সালে। পরিচালনায় দেবের অভিষেক এবং শুভশ্রীর সঙ্গে রসায়ন, সব মিলিয়ে আগামী ১৬ অক্টোবর মুক্তির অপেক্ষায় থাকা ‘দেশু ৭’ সিনেমাটিকে ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে তুমুল উত্তেজনা।