বলিউডের বক্স অফিসে এই মুহূর্তে চলছে ত্রিমুখী এক রাজকীয় লড়াই। ভারতের প্রেক্ষাগৃহগুলোতে একসঙ্গে মুক্তি পেয়েছে তিনটি বড় বাজেটের ও তারকাবহুল সিনেমা অজয় দেবগনের ‘ধামাল ৪’, অক্ষয় কুমারের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ এবং আলিয়া ভাটের ‘আলফা’। এর সঙ্গে সমান্তরালভাবে মাল্টিপ্লেক্সগুলোতে দাপট দেখাচ্ছে হলিউডের নতুন হরর ছবি ‘ইভল ডেড বার্ন’। তবে চার ছবির এই তুমুল লড়াইয়ে বক্স অফিসে সবাইকে পেছনে ফেলে একচ্ছত্র দাপট দেখাচ্ছে অজয় দেবগনের কমেডি ধামাকা। অন্যদিকে, খিলাড়ি কুমার অক্ষয় ও আলিয়া ভাটের নতুন ছবি দুটির আয়ের গ্রাফ এখন অনেকটাই নিম্নমুখী।
গত ১০ জুলাই মুক্তি পাওয়ার পর থেকেই বক্স অফিসে দারুণ গতি ধরে রেখেছে ইন্দ্র কুমার পরিচালিত সিনেমা ‘ধামাল ৪’। অজয় দেবগন, আরশাদ ওয়ারসি, জাভেদ জাফরি, রিতেশ দেশমুখ ও ঈশা গুপ্তা অভিনীত এই কমেডি ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তিটি দর্শক মহলে হাসির রোল তুলেছে। বুধবারও ছবিটি ভারতের বাজার থেকে ৬ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে। আর তাতেই মুক্তির মাত্র কয়েক দিনে ছবিটির মোট নেট সংগ্রহ দাঁড়িয়েছে ৮৯ কোটি ৭৫ লাখ রুপি। বাণিজ্য বিশ্লেষকদের ধারণা, চলতি সপ্তাহের শেষেই ১০০ কোটির সম্মানজনক ক্লাবে অনায়াসে প্রবেশ করবে এই ছবি।
সেই তুলনায় গত ৩ জুলাই মুক্তি পাওয়া আলিয়া ভাট, শর্বরী বাগ, অনিল কাপুর ও ববি দেওল অভিনীত ‘আলফা’র ব্যবসার হাল বেশ হতাশাজনক। শিব রাওয়েল পরিচালিত যশরাজ ফিল্মসের বহুল আলোচিত নারীকেন্দ্রিক এই স্পাই থ্রিলারটির আয় দিন দিন ধারাবাহিকভাবে কমছে। বুধবার ছবিটি বক্স অফিসে মাত্র ৬০ লাখ রুপির মুখ দেখেছে, যার ফলে এর মোট সংগ্রহ দাঁড়িয়েছে ৫৫ কোটি ৮০ লাখ রুপি।
অন্যদিকে, অক্ষয় কুমার অভিনীত বিগ বাজেটের মাল্টিস্টারার ছবি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ প্রেক্ষাগৃহে কাটিয়ে ফেলেছে তিন সপ্তাহেরও বেশি সময়। স্বাভাবিকভাবেই আহমেদ খান পরিচালিত এই ছবিটির দৈনিক আয় এখন লাখের ঘরে নেমে এসেছে। বুধবার ছবিটির ঝুলিতে এসেছে মাত্র ৫০ লাখ রুপি। তবে দীর্ঘদিনের দৌড়ে সব মিলিয়ে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ১৩১ কোটি ৩৫ লাখ রুপি। এখন দেখার বিষয়, ‘ধামাল ৪’ তার দুর্দান্ত গতি বজায় রেখে শেষ পর্যন্ত অক্ষয়ের এই ছবির মোট লাইফটাইম কালেকশনকে ছাড়িয়ে যেতে পারে কি না।
বলিউডের এই চেনা তারকাদের ছবির পাশাপাশি ভারতীয় দর্শক টানতে সফল হচ্ছে হলিউডের লো-বাজেট হরর ছবি ‘ইভিল ডেড বার্ন’। ‘ধামাল ৪’-এর সঙ্গে একই দিনে (১০ জুলাই) মুক্তি পাওয়া এই ভীতিজাগানিয়া ছবিটি বুধবারও ১ কোটি ৮৫ লাখ রুপি আয় করেছে। এখন পর্যন্ত ভারতের বাজার থেকে এর মোট আয় দাঁড়িয়েছে ১৯ কোটি ৩০ লাখ রুপি, যা কম বাজেটের হরর ছবি হিসেবে বক্স অফিসে বেশ ইতিবাচক ও সফল অবস্থান নির্দেশ করছে।