বলিউডের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘ধামাল’-এর চতুর্থ কিস্তি ‘ধামাল ৪’ (Dhamaal 4) বক্স অফিসে ঝড় তুলেছে। মুক্তির প্রথম সপ্তাহান্তেই (ওপেনিং উইকেন্ড) সিনেমাটি দুর্দান্ত ব্যবসা করে ভারতীয় চলচ্চিত্র বাজারের মন্দা ভাব দূর করতে বড় ভূমিকা রাখছে।

গত শুক্রবার মুক্তির পর প্রথম তিন দিনেই ‘ধামাল ৪’ আনুমানিক ৬৭ কোটি রুপি (৬৭০ মিলিয়ন) আয় করে বক্স অফিসে তাৎক্ষণিক ‘হিট’ তকমা তকমা পেয়েছে। এই সংগ্রহ ফ্র্যাঞ্চাইজির আগের সিনেমা ‘টোটাল ধামাল’-এর ওপেনিং উইকেন্ডের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে, যা সে সময় ৬২.৪০ কোটি রুপি আয় করেছিল।

সিনেমাটি শুক্রবার ১৫.৫০ কোটি রুপি আয়ের মাধ্যমে বেশ ভালো শুরু করে। এরপর দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়ার ওপর ভর করে শনিবার সিনেমাটির আয় একলাফে প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পায় এবং ঐদিন এটি ২২.৩১ কোটি রুপি সংগ্রহ করে। সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া সত্ত্বেও ‘গোলমাল’ বা ‘হাউসফুল’-এর মতো ‘ধামাল’ ফ্র্যাঞ্চাইজির যে একটি নিজস্ব ও অনুগত দর্শকশ্রেণি রয়েছে, তা এই বাম্পার কালেকশন থেকে আরও একবার পরিষ্কার হয়ে গেল।

সম্প্রতি মুক্তি পাওয়া ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ এবং ‘ধামাল ৪’-এর মতো ব্যাক-টু-ব্যাক কমেডি সিনেমার সাফল্য বলিউডের প্রেক্ষাগৃহগুলোতে নতুন প্রাণ সঞ্চার করেছে। আগামী মাসে স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে ‘বাটোয়ারা ১৯৪৭’ এবং ‘আওয়ারাদ্ধন ২’-এর মতো বড় বলিউড সিনেমা মুক্তির আগে হলিউডের ‘দ্য ওডিসি’ এবং ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ বক্স অফিসের এই চাঙ্গা ভাব ধরে রাখবে বলে আশা করা হচ্ছে।