দক্ষিণী চলচ্চিত্রের অন্যতম শক্তিমান অভিনেতা ধানুশ বর্তমানে তার নতুন সিনেমা ‘কারা’-র মুক্তি নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি এই ছবির এক প্রচার অনুষ্ঠানে ক্যারিয়ারের শুরুর দিকের তিক্ত অভিজ্ঞতা ও বডি শেমিং নিয়ে মুখ খুলেছেন এই সুপারস্টার। ধানুশ জানান, অভিনয় জীবনের শুরুতে তার রোগা গড়ন নিয়ে অনেকেই বিদ্রূপ ও মশকরা করতেন। তবে সেই প্রতিকূলতাকে জয় করেই তিনি আজ সাফল্যের এই শিখরে পৌঁছেছেন।

ধানুশের মতে, ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘পোল্লাধাবন’ সিনেমাটি ছিল তার ক্যারিয়ারের অন্যতম টার্নিং পয়েন্ট। তিনি বলেন, “আগে মানুষ আমাকে রোগা বলে অবজ্ঞা করত। কিন্তু ওই সিনেমায় যখন সিক্স-প্যাক নিয়ে পর্দায় হাজির হলাম, তখন প্রথমবার দর্শকরা আমার শারীরিক গঠন দেখে হাততালি দিয়েছিল।” আত্মবিশ্বাসই যে সাফল্যের মূল চাবিকাঠি, তা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, “আমরা যা বিশ্বাস করি, শেষ পর্যন্ত তাই হয়ে উঠি। ২০০৩ সালের দিকে যদি আমি বলতাম যে আমি জাতীয় পুরস্কার পাব, তবে লোকে হাসাহাসি করত। কিন্তু আমি নিজের ওপর বিশ্বাস রেখেছিলাম।”

উল্লেখ্য, বিগ্নেশ রাজা পরিচালিত অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমা ‘কারা’-তে ধানুশকে দেখা যাবে একজন দুর্ধর্ষ ডাকাতের চরিত্রে। টানটান উত্তেজনা আর মারকাটারি অ্যাকশনে ভরপুর এই ছবিটি আগামী ৩০ এপ্রিল বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে। ইতোমধ্যে ছবির ট্রেলার ও ধানুশের নতুন লুক সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।