মঞ্চজুড়ে তখন গানের তালে নাচছিলেন র্যাপার ও গায়িকা রেবল। তাঁর পরিবেশনায় মেতে উঠেছিলেন দর্শকেরাও। হঠাৎ উড়ে এসে একটি ড্রোন সরাসরি আঘাত করে তাঁর মুখে। মুহূর্তেই থেমে যায় গান। বিস্ময় ও অস্বস্তি নিয়ে কয়েক মুহূর্ত মঞ্চে দাঁড়িয়ে থাকার পর আর পারফরম্যান্স চালিয়ে যাননি রেবল। কাউকে কিছু না বলে মঞ্চ ছেড়ে চলে যান তিনি। ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে ঘটে যাওয়া এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
গত ২৬ নভেম্বর গুয়াহাটির হাতিসিলায় আয়োজিত পালস ২০২৬ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পারফর্ম করছিলেন রেবল। ‘রান ডাউন দ্য সিটি’ গানটি পরিবেশনের সময়ই ড্রোনটি তাঁর মুখে আঘাত করে। অনুষ্ঠানে উপস্থিত এক দর্শক পুরো ঘটনার ভিডিও ধারণ করেন। পরে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হলে দ্রুত ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, গানের তালে মঞ্চে নাচছিলেন রেবল। হঠাৎ ড্রোনের আঘাতে থমকে যান তিনি। এরপর আর গান চালিয়ে যাওয়ার চেষ্টা না করে মঞ্চ থেকে নেমে যান। দুর্ঘটনার পর তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। এ বিষয়ে শিল্পীর পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তবে দুর্ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে বলিউডের আলোচিত সিনেমা ‘ধুরন্ধর’-এর গান দিয়ে পরিচিতি পাওয়া রেবলের জন্য এটি ছিল গুরুত্বপূর্ণ একটি লাইভ পারফরম্যান্স।
রেবলের আসল নাম দায়াফি লামারে। ভারতের মেঘালয়ের ওয়েস্ট জয়ন্তিয়া হিলসের নাংবাহ এলাকায় জন্ম ও বেড়ে ওঠা তাঁর। ছোটবেলা থেকেই সংগীতের প্রতি আগ্রহ ছিল। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হিপহপ, রক ও ইন্ডি সংগীতের প্রতি ঝোঁক তৈরি হয়। এমিনেম, বিগি, আন্দ্রে থ্রি থাউজ্যান্ড ও লিংকিন পার্কের মতো শিল্পীদের গান তাঁর সংগীতচর্চায় প্রভাব ফেলেছে।
সংগীতের পাশাপাশি পড়াশোনাও চালিয়ে গেছেন রেবল। বেঙ্গালুরুর বিশ্বেশ্বরাইয়া টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। তবে প্রচলিত করপোরেট চাকরির পথ বেছে না নিয়ে সংগীতকেই পেশা হিসেবে গ্রহণ করেন।
২০১৮ সাল থেকে নিয়মিত পারফর্ম করতে শুরু করেন রেবল। প্রথম দিকে ‘দায়া’ নামে সংগীতচর্চা করলেও ২০১৯ সালে নিজের মঞ্চনাম পরিবর্তন করে রাখেন ‘রেবল’। এরপর ‘ব্যাড’, ‘রিজনস’, ‘ম্যানিফেস্ট’, ‘টেরর’, ‘সেট ইট অফ’ ও ‘কিল সুইচ’-এর মতো গান প্রকাশ করেন তিনি।
আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ সিনেমার সংগীতের সঙ্গে যুক্ত হওয়ার পর তাঁর ক্যারিয়ারে আসে বড় পরিবর্তন। সংগীত পরিচালক শাশ্বত সচদেবের সঙ্গে কাজের সুযোগ পান তিনি। সিনেমাটির ‘রান ডাউন দ্য সিটি-মনিকা’ গানে তাঁর কণ্ঠ ও র্যাপ বিশেষভাবে নজর কাড়ে। এ ছাড়া একই ছবির ‘নাল নাচনা’ এবং ‘মুভ-ইয়ে ইশক ইশক’ গানেও অংশ নিয়েছেন এই শিল্পী।