একটি নাম, একটি কণ্ঠ পরিচয়ের জন্য এর বেশি কিছুর প্রয়োজন পড়ে না। উপমহাদেশজুড়ে সুরেলা কণ্ঠের খ্যাতি যার, সেই কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার জন্মদিন আজ। জীবনের ৭৪তম বছর পার করছেন তিনি।

জন্মদিনে ভক্ত-অনুরাগীদের উদ্দেশে একটি ভিডিও বার্তা দিয়েছেন রুনা লায়লা। সেখানে সবার ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘তোমাদের জন্যই আজকের এই আমি। সৃষ্টিকর্তার কাছ থেকে গান গাওয়ার যে উপহার পেয়েছি, সেটা তোমাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমি পরিতৃপ্ত। তোমাদের জন্য যেন আরও অনেক দিন গান করে যেতে পারি, এটাই চাওয়া।’

ভিডিও বার্তার পাশাপাশি লিখিত বার্তায়ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শিল্পী। তিনি লিখেছেন, ‘প্রতি বছর এই দিনে, ঠিক রাত বারোটা বাজলেই মনে পড়ে যায়, জীবনের আরও একটি বছর পেরিয়ে গেল, বয়স আরও এক বছর বাড়ল। কিন্তু সেই সঙ্গে কি একটু বেশি জ্ঞানীও হলাম? কে জানে! তবে একটা বিষয় আমি নিশ্চিতভাবে জানি, আর তা হলো তোমরা সবাই আমাকে কতটা ভালোবাসো! এত ফোন, এত মেসেজ, এত দোয়া আর শুভকামনা! আমি সত্যিই ভীষণ, ভীষণ ভাগ্যবতী যে সৃষ্টিকর্তা আমাকে এত সুন্দর, অসাধারণ একটা জীবন উপহার দিয়েছেন। এই আশীর্বাদকে আমি কখনোই স্বাভাবিক বা অবধারিত বলে মনে করি না। প্রতিটি মুহূর্তের জন্য আমি কৃতজ্ঞ।’

শেষে ভক্তদের প্রতি ভালোবাসা জানিয়ে আরও অনেক জন্মদিন সবার সান্নিধ্যে কাটানোর আশা ব্যক্ত করেন শিল্পী।

১৯৫২ সালের ১৭ নভেম্বর সিলেটে জন্ম রুনা লায়লার। বাবার চাকরির সুবাদে আড়াই বছর বয়সে পরিবারের সঙ্গে পাকিস্তানের লাহোরে চলে যান। সেখানেই শুরু হয় তাঁর সংগীতচর্চা। ১৯৬৪ সালে উর্দু সিনেমা ‘জুগনু’র ‘গুড়িয়াসি মুন্নি মেরি’ গান দিয়ে প্লেব্যাকে অভিষেক হয় তাঁর। পরে পাকিস্তান টেলিভিশনেও নিয়মিত গান করেন।

সত্তরের দশকের শুরুতে বাংলা ও হিন্দি গানে যাত্রা শুরু করেন রুনা লায়লা। বলিউডে তাঁর গাওয়া ‘ও মেরা বাবু ছেল ছাবিলা’ ও ‘দমা দম মাস্ত কালান্দার’ গান দুটি ব্যাপক জনপ্রিয়তা পায়। বাংলা, হিন্দি, উর্দুসহ ১৭টি ভাষায় গান করেছেন তিনি। তাঁর গানের সংখ্যা ১০ হাজারের বেশি বলে জানা যায়।

গান রেকর্ডিংয়েও রয়েছে রুনা লায়লার বিশ্বরেকর্ড। সুরকার নিসার বাজমির সুরে মুম্বাইয়ের একটি স্টুডিওতে প্রতিদিন ১০টি করে মাত্র তিন দিনে ৩০টি গান রেকর্ড করেন তিনি। পরে এই কৃতিত্ব গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পায়।

দীর্ঘ সংগীতজীবনে সাতবার শ্রেষ্ঠ গায়িকা ও একবার শ্রেষ্ঠ সুরকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন রুনা লায়লা। এ ছাড়া অর্জন করেছেন দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান স্বাধীনতা পুরস্কার। ভারত ও পাকিস্তান থেকেও পেয়েছেন বিভিন্ন সম্মাননা।