ভারতীয় চলচ্চিত্রে সেন্সরশিপের বিতর্কিত ইতিহাস নিয়ে কথা বলতে গিয়ে ১৯৬১ সালের কালজয়ী সিনেমা ‘গঙ্গা যমুনা’কে ঘিরে অজানা এক ঘটনা সামনে এনেছেন প্রখ্যাত নির্মাতা তিগমাংশু ধুলিয়া। সম্প্রতি ‘দ্য ওয়ার’ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি জানান, সিনেমাটিতে দিলীপ কুমারের মুখে ‘হে রাম’ সংলাপ নিয়ে আপত্তি তুলেছিল তৎকালীন সেন্সর বোর্ড।

তিগমাংশুর দাবি, ছবির একটি দৃশ্যে মৃত্যুর মুহূর্তে দিলীপ কুমারের চরিত্র ‘হে রাম’ উচ্চারণ করে। কিন্তু অভিনেতা বাস্তব জীবনে মুসলিম হওয়ায় এই সংলাপ নিয়ে আপত্তি জানায় সেন্সর বোর্ড। দিলীপ কুমারের আসল নাম ছিল মুহাম্মদ ইউসুফ খান। বোর্ডের যুক্তি ছিল, মুসলিম বংশোদ্ভূত একজন অভিনেতার মুখে এমন সংলাপ মানানসই নয়।

তবে নির্মাতাদের পক্ষ থেকে বলা হয়, সিনেমায় দিলীপ কুমারের চরিত্রটি হিন্দু এবং গল্পের প্রেক্ষাপটে ওই সংলাপ সম্পূর্ণ যৌক্তিক। তারপরও প্রথম দিকে সেন্সর বোর্ড তাদের যুক্তি গ্রহণ করেনি।

পরবর্তীতে বিষয়টি তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর নজরে আসে। তিগমাংশুর ভাষ্য অনুযায়ী, নেহরু নিজে ‘গঙ্গা যমুনা’ সিনেমাটি দেখেন। ছবিতে আপত্তিকর কোনো বিষয় না পাওয়ায় তিনি সেটি প্রদর্শনের অনুমতি দেন।

তিগমাংশু আরও জানান, স্বজনপ্রীতির অভিযোগ এড়াতে ওই সময় সেন্সর বোর্ডে আটকে থাকা আরও কয়েকটি সিনেমাকেও একসঙ্গে মুক্তির অনুমতি দেওয়া হয়েছিল। তার এই বক্তব্যের মধ্য দিয়ে ভারতীয় চলচ্চিত্রে সেন্সরশিপ, ধর্মীয় পরিচয় এবং শিল্পীর স্বাধীনতা নিয়ে সেই সময়কার বিতর্কের একটি ভিন্ন দিক সামনে এসেছে।