আন্তর্জাতিক সিনেমা জগতে নতুন মাইলফলক ছুঁতে চলেছেন বলিউড অভিনেত্রী দিশা পাটানি। প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোনের পর এবার তিনি যুক্ত হলেন একটি বড় হলিউড প্রজেক্টে।

অ্যাকশন থ্রিলার ফ্র্যাঞ্চাইজি স্ট্যাটিগার্ডস ভার্সেস হোলিগার্ডস সাগা: দ্য পোর্টাল অফ ফোর্স এর প্রথম কিস্তির মাধ্যমে তার হলিউড অভিষেক হতে যাচ্ছে। ইতিমধ্যে সিনেমাটির ট্রেলারও প্রকাশিত হয়েছে, যা ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা।

এই ছবিতে দিশা পাটানি অভিনয় করছেন ‘জেসিকা’ নামের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। বলিউডে প্রায় এক দশকের অভিজ্ঞতার পর এটি তার ক্যারিয়ারের বড় একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

হলিউডে কাজের সুযোগ পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে তিনি জানান, এটি তার জন্য নিজেকে নতুনভাবে আবিষ্কার করার সুযোগ। পাশাপাশি আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন শিল্পীদের সঙ্গে কাজ করাকে তিনি শিক্ষণীয় অভিজ্ঞতা হিসেবে দেখছেন।

দিশা বলেন, গল্প বলার কোনো ভাষা বা দেশের সীমা নেই যদি কাজের মধ্যে সততা থাকে, তবে তা সব জায়গায় গ্রহণযোগ্য হয়। অ্যাকশন ঘরানার প্রতি তার ভালোবাসার কথাও তিনি তুলে ধরেন এবং বলেন, আন্তর্জাতিক মঞ্চে নিজের অভিজ্ঞতা তুলে ধরতে পারাটা তার জন্য বড় অনুপ্রেরণা।

সব মিলিয়ে দিশা পাটানির এই হলিউড যাত্রা তার ক্যারিয়ারে নতুন দিগন্ত খুলে দিয়েছে বলে মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা।