দেশের সংগীতাঙ্গনের এক সময়ের জনপ্রিয় দম্পতি ছিলেন ডলি সায়ন্তনী ও রবি চৌধুরী। গান ও ব্যক্তিজীবনের সমন্বয়ে তাদের সম্পর্ক ভক্তদের কাছে ছিল আলোচিত। তবে হঠাৎ করেই বিচ্ছেদের মধ্য দিয়ে সেই সম্পর্কের ইতি ঘটে।
দীর্ঘদিন এ বিষয়ে নীরব থাকার পর সম্প্রতি এক পডকাস্টে রবি চৌধুরী বিচ্ছেদের কারণ নিয়ে কথা বলেন। সেখানে তিনি বিপ্লব নামের এক গাড়িচালকের প্রসঙ্গ টেনে পরকীয়ার ইঙ্গিত দেন। তার এমন বক্তব্যের পরই নিজের অবস্থান পরিষ্কার করেছেন ডলি সায়ন্তনী।
মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে ডলি অভিযোগগুলোকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন। তিনি লেখেন, পরিবার ও ব্যক্তিগত জীবন নিয়ে যে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা। ইচ্ছাকৃতভাবে কোনো বিতর্কে যেতে চান না বলেও উল্লেখ করেন তিনি।
পরিস্থিতি নিয়ে অযথা জলঘোলা না করার আহ্বান জানিয়ে এই গায়িকা বলেন, তারা সম্মান ও আইনের প্রতি আস্থা রেখে বিষয়টি পর্যবেক্ষণ করছেন। ব্যক্তিগত বিষয়কে আলোচনার উপকরণ না বানানোর অনুরোধ জানান তিনি। একই সঙ্গে নীরবতাকে দুর্বলতা ভাবতে নিষেধ করেন।
বিচ্ছেদ প্রসঙ্গে স্পষ্ট বক্তব্য দিয়ে ডলি জানান, ডিভোর্স তিনিই দিয়েছিলেন। কেন সেই সিদ্ধান্ত নিয়েছিলেন, তা এই মুহূর্তে বলতে চান না। তবে ডিভোর্সের সময় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।
সবশেষে উদ্দেশ্যমূলক বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়ে পবিত্র মাহে রমজানের মর্যাদা রক্ষার কথাও বলেন ডলি সায়ন্তনী।