দীর্ঘ দেড় বছর ধরে দেশের বাইরে অবস্থান করছেন জনপ্রিয় সংগীতশিল্পী
প্রবাসজীবনের দেড় বছর পূর্ণ হওয়ার বিশেষ দিনে নিজের জীবনের নানা সংকট, বিশ্বাসভঙ্গ আর দেশের মাটিতে ফেরার আকুলতা তুলে ধরেছেন ভক্তদের সামনে। ফেসবুকে দেওয়া আবেগঘন এক পোস্টে ডলি লিখেন, "২০২৫ সালের এই দিনটায় যেদিন নিজের প্রিয় বাংলাদেশ ছেড়ে বিদেশের পথে রওনা দিয়েছিলাম, তখন কল্পনাও করিনি এই বিদায়টা এত দীর্ঘ হবে।"
তিনি আরও লিখেন, "ভাবিনি বাস্তবতা মানুষকে এত কঠিন পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যায়। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যেখানেই রেখেছেন তাঁর অশেষ রহমতে ভালো আছি। মা-বাবার দোয়া, পরিবারের ভালোবাসা আর আপনাদের শুভকামনাই আমাকে প্রতিদিন শক্তি দেয়।"
নিজের প্রবাসজীবনের নেপথ্য কারণ ও অভিজ্ঞতার কথা জানিয়ে ডলি সায়ন্তনী লেখেন, "জীবনে কখনো কারও ক্ষতি করার চেষ্টা করিনি। প্রবাসজীবনের সবচেয়ে বড় কারণ আমার মেয়ের পড়াশোনা ও তার ভবিষ্যৎ। জানি না কবে আবার প্রিয় বাংলাদেশে ফিরতে পারব। মাঝে মাঝে দেশের জন্য মনটা এমনভাবে কাঁদে, যা ভাষায় প্রকাশ করা যায় না।"
প্রবাসীদের মনের অনুভূতি তুলে ধরে তিনি লেখেন, এখন দেশ থেকে কেউ এলে মনে হয় যেন একটু দেশের গন্ধ ও মাটি ছুঁয়ে দেখলাম। সব প্রবাসীরাই যেন একদিন সুস্থ-সুন্দরভাবে তাঁদের প্রিয় মানুষের কাছে ফিরে যেতে পারেন, সেই প্রার্থনাও জানান এই জনপ্রিয় কণ্ঠশিল্পী।