দেশে দারুণ সাফল্যের পর এবার বিদেশের প্রেক্ষাগৃহেও সমানভাবে দর্শক মাতাচ্ছে দম। আফরান নিশো ও পূজা চেরী অভিনীত এই সিনেমাটি ইতোমধ্যে উত্তর আমেরিকায় ব্যাপক সাড়া ফেলেছে। নিউইয়র্ক, টরন্টো এবং সান ফ্রান্সিসকোতে ছবিটি সফলভাবে তৃতীয় সপ্তাহে পদার্পণ করেছে। প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি স্থানীয় দর্শকদের মধ্যেও ছবিটি নিয়ে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
ছবিটির আন্তর্জাতিক পরিবেশক এবং বায়োস্কোপ ফিল্মস এর কর্ণধার রাজ হামিদ এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, আগামী শুক্রবার থেকে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতেও মুক্তি পাচ্ছে দম। ফেয়ারফ্যাক্সের সিনি আর্টস থিয়েটারে ৩ মে বিকেল ৪টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে বিশেষ প্রদর্শনী। প্রবাসীদের জনপ্রিয় সংগঠন বাংলা ইভেন্টস এ আয়োজনের তত্ত্বাবধান করছে।
শুধু ভার্জিনিয়াই নয়, যুক্তরাষ্ট্রের আরও বেশ কয়েকটি শহরে এককালীন প্রদর্শনীর পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সিয়াটল, সান ডিয়েগো, রেনো, অরল্যান্ডো, বাফেলো এবং স্যাক্রামেন্টো। এতে আরও বিস্তৃত পরিসরে প্রবাসী দর্শকদের কাছে পৌঁছে যাবে ছবিটি।
এবার প্রথমবারের মতো সেন্ট্রাল ক্যালিফোর্নিয়াতেও যাচ্ছে দম। ফ্রেসনো, মার্সেড এবং মোডেস্টো অঞ্চলের দর্শকদের কথা মাথায় রেখে ফ্রেসনোর মায়া সিনেমাসে প্রদর্শনীর প্রস্তুতি চলছে। একই সঙ্গে সান ফ্রান্সিসকোর আশপাশের এলাকাতেও দর্শকদের চাহিদার কারণে নতুন শো যুক্ত করা হচ্ছে।
রাজ হামিদ তার পোস্টে ব্যক্তিগত অনুভূতিও শেয়ার করেছেন। অপারেশনের পর কাজ চালিয়ে যেতে পারবেন কি না, তা নিয়ে তিনি শঙ্কিত ছিলেন। কিন্তু দর্শকদের ভালোবাসা ও সমর্থন তাকে নতুন করে অনুপ্রাণিত করেছে। তিনি জানান, পরিচালক রেদওয়ান রনি এবং অভিনেতা আফরান নিশো এর প্রতি তার আস্থা ছিল, তবে শেষ পর্যন্ত সবচেয়ে বেশি ভরসা রেখেছিলেন দর্শকদের ওপর।
বিদেশের মাটিতে বাংলা সিনেমার এই অসাধারণ সাফল্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে। প্রবাসী দর্শকদের ভালোবাসা ও সমর্থন অব্যাহত থাকলে, ভবিষ্যতে আরও বাংলা সিনেমা আন্তর্জাতিক অঙ্গনে এমন সাফল্য অর্জন করবে বলেই আশা করছেন সংশ্লিষ্টরা।