উপমহাদেশের জনপ্রিয় অ্যানিমে ফ্র্যাঞ্চাইজি ‘ডোরেমন’-এর নতুন ফিচার ফিল্ম Doraemon: Castle of the Undersea Devil ভারতীয় বক্স অফিসে দুর্দান্ত গতি বজায় রেখেছে। মুক্তির প্রথম পাঁচ দিনেই সিনেমাটির মোট আয় ছাড়িয়ে গেছে ১১ কোটি রুপি। ছুটির দিনের চমৎকার শুরুর পর কার্যদিবসগুলোতেও প্রেক্ষাগৃহে দর্শক ধরে রেখে বক্স অফিসে ধারাবাহিক সফলতা বজায় রেখেছে অ্যানিমেটেড সিনেমাটি।

গত শুক্রবার (২ অক্টোবর) মুক্তির প্রথম দিনে ২ কোটি ৯০ লাখ রুপি আয় করে চমৎকার সূচনা করে ছবিটি। এরপর শনিবারে ২ কোটি ৬০ লাখ, রবিবারে ৩ কোটি ৭৫ লাখ এবং সোমবারে ১ কোটি ২৫ লাখ রুপি আয়ের পর, পঞ্চম দিনে (মঙ্গলবার) প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি পেয়ে ছবিটি আয় করে আরও ১ কোটি ৭৫ লাখ রুপি। বাণিজ্য বিশ্লেষকদের ধারণা, মুক্তির প্রথম সপ্তাহ শেষে ভারতে সিনেমাটির ঝুলিতে জমা হতে পারে ১৩ থেকে ১৫ কোটি রুপি গ্রস কালেকশন।

পর্দায় নোবিতা ও তার বন্ধুদের জলের নিচে ক্যাম্পিং অ্যাডভেঞ্চার, রহস্যময় মু ফেডারেশনের মুখোমুখি হওয়া এবং বারমুডা ট্রায়াঙ্গেলের কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত খলনায়ক ‘পোসাইডন’-এর হাত থেকে পৃথিবীকে রক্ষার রোমাঞ্চকর গল্প ফুটিয়ে তোলা হয়েছে সিনেমাটিতে। প্রথম সপ্তাহে এমন ইতিবাচক ট্রেন্ড বজায় থাকায় বিশ্বজুড়ে ডোরেমন ভক্ত ও অ্যানিমেপ্রেমীদের মধ্যে ছবিটিকে ঘিরে তৈরি হয়েছে বাড়তি উদ্দীপনা।