জাপানি অ্যানিমে দুনিয়ার ইতিহাসের অন্যতম সেরা ও জনপ্রিয় সৃষ্টি ‘নারুতো’ (Naruto)। নিনজা বিশ্বের নানা অ্যাডভেঞ্চার, বন্ধুত্ব আর লড়াকু উপাখ্যান নিয়ে সাজানো এই অ্যানিমে সিরিজটি সারা বিশ্বের কোটি কোটি দর্শকের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছে। এবার সেই জনপ্রিয় অ্যানিমে সিরিজের ভক্তদের জন্য আসছে বড় চমক। মূল সিরিজের ২০ বছর পূর্তি উপলক্ষে বহুল প্রতীক্ষিত চার পর্বের নতুন বিশেষ অ্যানিমে সংস্করণ শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে।

দীর্ঘদিন ধরে অ্যানিমেপ্রেমীদের মনে প্রশ্ন ছিল নারুতোর এই বিশেষ নতুন পর্বগুলো কবে আসবে। অ্যানিমেশন স্টুডিও 'স্টুডিও পিয়্যারট' (Studio Pierrot) সূত্রে জানা গেছে, অ্যানিমেশনের মান ও ভিজ্যুয়াল ইফেক্টকে আরও নিখুঁত এবং আন্তর্জাতিক মানের করে তুলতেই কিছুটা অতিরিক্ত সময় নেওয়া হয়েছে। চার পর্বের এই বিশেষ ধারাবাহিকে দেখা যাবে নারুতো উজুমাকির শৈশবের একদম নতুন কিছু দৃশ্য ও মিশন, যা মূল সিরিজে আগে কখনো দেখানো হয়নি। সেই সঙ্গে তরুণ নারুতো, সাকুরা, এবং তাদের গুরু কাকাশির পুরোনো সেই রসায়ন আবারও নতুন অ্যানিমেশনে উপভোগ করতে পারবেন ভক্তরা।

কেবল নতুন পর্বই নয়, জানা গেছে মূল সিরিজের জনপ্রিয় থিম সংগুলোর রিমেক সংস্করণও থাকছে এই বিশেষ প্রজেক্টে। প্রযুক্তিগতভাবে উন্নত ভিজ্যুয়াল সাউন্ড ও উচ্চমানের অ্যানিমেশন শৈলীতে নারুতোর এই প্রত্যাবর্তন অ্যানিমে দুনিয়ায় নতুন করে বড় আলোড়ন তৈরি করবে বলে আশা করছেন ভক্ত ও সমালোচকেরা।